ঝালকাঠিতে যৌতুকের বলি দুই সন্তানের জননী: আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে,
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২২, ২০২৬, ২১:৪২ অপরাহ্ণ
ঝালকাঠিতে যৌতুকের বলি দুই সন্তানের জননী: আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে,
নিজস্ব প্রতিবেদক,ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি গ্রামে যৌতুকের দাবিতে আর্যু বেগম (২০) নামে এক গৃহবধূকে অমানুষিক নির্যাতনের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্বামী ও শাশুড়ির নির্যাতনের শিকার ওই গৃহবধূ বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরের বিভিন্ন স্থানে জখম ও শ্বাসরোধের চেষ্টার চিহ্ন রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ৮ বছর আগে বিনয়কাঠি গ্রামের মৃত শাহাদাত খলিফার ছেলে আব্দুল করিমের সাথে বরিশাল নগরীর নবগ্রাম রোডের আব্দুল হক চৌকিদারের মেয়ে আর্যু বেগমের বিয়ে হয়। অভিযোগ রয়েছে, বিয়ের কিছুদিন পর থেকেই আব্দুল করিম মাদকাসক্ত হয়ে পড়েন এবং যৌতুকের জন্য আর্যুর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন। সংসার বাঁচাতে আর্যুর পরিবার ইতিপূর্বে কয়েক দফায় টাকা দিলেও করিমের দাবির শেষ ছিল না।
গত ২০ জানুয়ারি (মঙ্গলবার) গভীর রাতে যৌতুকের দাবি নিয়ে আর্যুর ওপর ঝাঁপিয়ে পড়ে পাষণ্ড স্বামী করিম ও শাশুড়ি রাশিদা বেগম। আর্যু জানান, তাকে এলোপাথাড়ি পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করা হয়। একপর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টাও চালানো হয়। খবর পেয়ে বাবার বাড়ির লোকজন তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের বিছানায় যন্ত্রণায় ছটফট করা আর্যু বেগম তার ওপর হওয়া এই বর্বরোচিত হামলার বিচার দাবি করেছেন। এদিকে, ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী আব্দুল করিম পলাতক রয়েছে বলে জানা গেছে।
আইনি পদক্ষেপের বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন জানান”ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। ভুক্তভোগী বর্তমানে চিকিৎসাধীন। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে
এদিকে মাদকাসক্ত স্বামী ও সহযোগীদের এমন পাশবিকতায় ক্ষুব্ধ স্থানীয় এলাকাবাসী। তারা অনতিবিলম্বে অভিযুক্ত আব্দুল করিম ও তার মা রাশিদা বেগমকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।