• ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

মহিপুরে জমি নিয়ে বিরোধ: দাদাকে শাবল দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা, আহত- ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২৩, ২০২৬, ১৬:১১ অপরাহ্ণ
মহিপুরে জমি নিয়ে বিরোধ: দাদাকে শাবল দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা, আহত- ২

মহিপুরে জমি নিয়ে বিরোধ: দাদাকে শাবল দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা, আহত ২

নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে রুস্তম হাওলাদার (৮০) নামে এক বৃদ্ধ দাদাকে শাবল দিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে তার আপন নাতি ও সহযোগীদের বিরুদ্ধে। এ সময় দাদাকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছে স্কুলছাত্রী নাতনি সাদিয়া (১৩)।গত বুধবার (২১ জানুয়ারি) বিকেলে মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের দিয়ারা আমখোলা গ্রামে এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় বৃদ্ধ রুস্তম হাওলাদার বর্তমানে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন।স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, আহত রুস্তম হাওলাদার তার বড় ছেলের ঘরের নাতি রফিককে অসহায় ভেবে নিজের বাড়িতে থাকার জায়গা দিয়েছিলেন। কিন্তু নাতি রফিক ওই জায়গাটি জবরদখলের চেষ্টা চালায় এবং ভুয়া কাগজপত্র তৈরি করে। বিষয়টি জানাজানি হলে দাদার সঙ্গে নাতির বিরোধের সৃষ্টি হয়।ঘটনার দিন দুপুরে রফিক একটি আমগাছ কাটতে গেলে বৃদ্ধ রুস্তম তাতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে রফিক দেশীয় অস্ত্র নিয়ে হামলার চেষ্টা চালালে পরিবারের সদস্যদের হস্তক্ষেপে তখন পরিস্থিতি শান্ত হয়। তবে বিকেলে রফিক, তার বোন নার্গিস, ভগ্নিপতি বাড়েক ও ভাই নাজমুলসহ অজ্ঞাতনামা ৩-৪ জন পরিকল্পিতভাবে বৃদ্ধ রুস্তমের ওপর হামলা চালায়। তারা শাবল দিয়ে রুস্তমের মাথায় আঘাত করলে তার মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়। এ সময় ছোট ছেলের মেয়ে স্কুলছাত্রী সাদিয়া দাদাকে বাঁচাতে এলে তাকেও পিটিয়ে আহত করা হয়।
আহতদের উদ্ধার করে প্রথমে কুয়াকাটা তুলাতলী স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। রুস্তম হাওলাদারের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক এবং যেকোনো সময় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হতে পারে।
অভিযুক্তের বিরুদ্ধে ‘নাটক’ সাজানোর অভিযোগ আহত রুস্তমের ছোট ছেলে মাসুম অভিযোগ করে বলেন, “আমার বাবাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে। এখন আমরা যখন হাসপাতালে ব্যস্ত, তখন রফিক নিজের ঘরে মালামাল লুট করে একটি সাজানো ডাকাতি মামলা দেওয়ার চেষ্টা করছে যাতে আমরা আইনি ব্যবস্থা নিতে না পারি।”হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধ রুস্তম হাওলাদার বলেন, “নাতি রফিক আমাকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করেছে। আমি সুস্থ হয়ে এর বিচার চাই।”এ বিষয়ে মহিপুর থানা পুলিশ জানায়, বিষয়টি সম্পর্কে তারা অবগত এবং অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
সংবাদটি শেয়ার করুন....