
চরমোনাইয়ে ঘরের সামনে ময়লা ফেলা নিয়ে বিরোধ: দিনমজুরকে পিটিয়ে হত্যার চেষ্টা
নিজস্ব প্রতিবেদক,বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের চরহোগলা গ্রামে ঘরের সামনে ময়লা ফেলাকে কেন্দ্র করে এনায়েত শিকদার নামে এক দিনমজুরকে পিটিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত মঙ্গলবার বিকেলে আনুমানিক সাড়ে ৫টার দিকে নিজ বাড়ির সামনেই এই হামলার ঘটনা ঘটে। আহত এনায়েত বর্তমানে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, চরহোগলা গ্রামের মৃত সৈয়দ আলী শিকদারের ছেলে এনায়েত শিকদারের সঙ্গে প্রতিবেশী মৃত আফসের আলী শিকদারের ছেলে বশির শিকদার গংদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। ভুক্তভোগীদের দাবি, ওই বিরোধের জের ধরে গত মঙ্গলবার সন্ধ্যায় বশিরের পরিবারের লোকজন পরিকল্পিতভাবে এনায়েতের ঘরের সামনে আবর্জনা ফেলে রাখে।
বিষয়টি নিয়ে এনায়েত প্রতিবাদ করলে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে প্রতিপক্ষ বশির শিকদার, তার ছেলে সজীব, রাকিব, মৃদুল এবং স্ত্রী মিনারাসহ একদল দুর্বৃত্ত দেশীয় লাঠিসোটা নিয়ে এনায়েতের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় এনায়েতের নাক ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।
আহত এনায়েতকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত শেবাচিম হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। এদিকে, ঘটনার মোড় ঘুরিয়ে দিতে এবং আইনি জটিলতা এড়াতে হামলাকারী পক্ষের সজীব নামের একজন আহত হওয়ার নাটক সাজিয়ে একই হাসপাতালে ভর্তি হয়েছেন বলে অভিযোগ করেছেন আহতের পরিবার। আহতের ইস্ত্রি কলি বেগম জানান,”আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করা হয়েছে। আমি প্রশাসনের কাছে এই সন্ত্রাসী হামলার সুষ্ঠু বিচার এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
বর্তমানে ভুক্তভোগী এনায়েত শিকদার শেবাচিম হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।