• ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মাধবপাশায় পানি সেচ নিয়ে দ্বন্দ্বে শ্রমিক দল নেতাকে পিটিয়ে হত্যার চেষ্টা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৯, ২০২৬, ১৭:১০ অপরাহ্ণ
মাধবপাশায় পানি সেচ নিয়ে দ্বন্দ্বে শ্রমিক দল নেতাকে পিটিয়ে হত্যার চেষ্টা!
নিজস্ব প্রতিবেদক, বরিশাল বিমানবন্দর থানাধীন মাধবপাশা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পাংশা এলাকায় ইরি ক্ষেতে পানি দেওয়াকে কেন্দ্র করে জুয়েল হাওলাদার (৪০) নামে এক শ্রমিক দল নেতাকে পিটিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। সোমবার (৯ মার্চ) সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে পাংশা রাডার অফিস সংলগ্ন দক্ষিণ পাশের একটি ব্লকে এই বর্বর হামলার ঘটনা ঘটে।
আহত জুয়েল হাওলাদার ওই এলাকার হাসান হাওলাদারের ছেলে এবং মাধবপাশা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি গুরুতর অবস্থায় বরিশাল শের-এ-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও আহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকালে জুয়েল তার বাড়ির পার্শ্ববর্তী ইরি ক্ষেতে কাজ করতে যান। ক্ষেতের ব্লকের শেষ প্রান্তে পানি দেওয়া নিয়ে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে প্রতিবেশী মিন্টু হাওলাদারের ছেলে সজলের সাথে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সজল ও তার মা অতর্কিতভাবে লাঠিসোটা নিয়ে জুয়েলের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় সজল চিৎকার করে হুমকি দিয়ে বলে, “তোকে মেরে দোয়ারিকা ব্রিজের ওপর থেকে নিচে ফেলে রাখবো।
জুয়েলের পরিবারের সদস্যরা জানান, জুয়েল দীর্ঘদিনের অসুস্থ। কিছুদিন আগেই তার মস্তিষ্কে (ব্রেন) একটি বড় অস্ত্রোপচার করা হয়েছিল। একজন মুমূর্ষু রোগীর ওপর এমন নৃশংস ও বর্বরোচিত হামলায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, হত্যার উদ্দেশ্যেই তার মাথায় ও শরীরে আঘাত করা হয়েছে। তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এদিকে, হামলাকারী সজলকে বাঁচাতে তার বাবা মিন্টু হাওলাদার ভিন্ন কৌশল অবলম্বন করেছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, মূল ঘটনা ধামাচাপা দিতে এবং জুয়েলকে পাল্টা ফাঁসাতে মিন্টু নিজে সামান্য ইনজুরি দেখিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, যাতে এই ঘটনাকে উভয়পক্ষের মারামারি হিসেবে চালানো যায়।
এ বিষয়ে বিমানবন্দর থানার কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে জানানো হয়, ঘটনার খবর পাওয়া গেছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদটি শেয়ার করুন....