• ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেন্দীগঞ্জে জমি বিরোধের জেরে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৩, ২০২৬, ২৩:২৬ অপরাহ্ণ
মেহেন্দীগঞ্জে জমি বিরোধের জেরে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যার চেষ্টা
মেহেন্দীগঞ্জে জমি বিরোধের জেরে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যার চেষ্টা
নিজস্ব প্রতিবেদক,বরিশাল মেহেন্দীগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাহেরচর গ্রামে পৈতৃক জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধ দম্পতি ও তাদের সন্তানকে পিটিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুক্রবার (২২ মার্চ) দুপুর আনুমানিক ২টার দিকে ওই গ্রামের মাঝি বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন— ওই এলাকার বৃদ্ধ মতলেব মাঝি, তার স্ত্রী মেহেনা খাতুন এবং তাদের ছেলে রশিদ মাঝি। গুরুতর আহত অবস্থায় মেহেনা খাতুন ও রশিদ মাঝিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃদ্ধ মতলেব মাঝিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত মতলেব মাঝি জানান, প্রতিবেশী মৃত আলী হোসেনের ছেলে নবী হোসেনের পরিবারের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে পৈতৃক জমি নিয়ে বিরোধ চলে আসছে। নবী হোসেন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে ওই জমি জবরদখল করার চেষ্টা চালিয়ে আসছিল। এ নিয়ে প্রতিবাদ করায় মতলেব মাঝির পরিবারের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দিয়ে তাদের হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে পূর্ব পরিকল্পিতভাবে নবী হোসেন, তার সহযোগী রায়হান, নাজমা ও ফাতেমাসহ অজ্ঞাতনামা কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মতলেব মাঝির বাড়িতে ঢুকে মেহেনা খাতুনের ওপর অতর্কিত হামলা চালায়। স্ত্রীকে বাঁচাতে বৃদ্ধ মতলেব মাঝি ও ছেলে রশিদ মাঝি এগিয়ে এলে হামলাকারীরা তাদেরও এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জিল্লেত করে।
আহতদের আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে চিকিৎসাধীন মা ও ছেলের অবস্থা আশঙ্কাজনক।
এই বর্বরোচিত হামলার ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আহত পরিবার ও স্থানীয় সচেতন মহল এই ভূমিদস্যু চক্রের সদস্যদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন
সংবাদটি শেয়ার করুন....