শেরেবাংলা মেডিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ড: দুই রোগীর মৃত্যুর অভিযোগ, আহত ৮ আনসার সদস্য
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৮, ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ণ
শেরেবাংলা মেডিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ড: দুই রোগীর মৃত্যুর অভিযোগ, আহত ৮ আনসার সদস্য
খান আব্বাস:বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালের মেডিসিন ভবনের স্টোর রুমে মঙ্গলবার রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ধোঁয়া ও আতঙ্কে দুই রোগীর মৃত্যুর অভিযোগ তুলেছেন স্বজনরা, যদিও হাসপাতাল কর্তৃপক্ষ এই দাবি নাকচ করে দিয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হয়েছেন হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা অন্তত ৮ জন আনসার সদস্য।
মঙ্গলবার রাত ১১টার দিকে মেডিসিন ভবনের পঞ্চম তলার স্টোর রুমে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু গিফারী জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে ফায়ার সার্ভিস আসার আগেই হাসপাতালে নিয়োজিত আনসার সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে আগুন নেভানোর প্রাথমিক চেষ্টা শুরু করেন। প্রায় এক ঘণ্টার নিরলস প্রচেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডের সময় ভবনজুড়ে কালো ধোঁয়া ছড়িয়ে পড়লে রোগীদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়। অনেক রোগী ও স্বজন জীবন বাঁচাতে হুড়োহুড়ি করে নিচে নেমে আসেন।
অগ্নিকাণ্ডের পর দুই রোগীর স্বজনরা দাবি করেছেন, আগুন ও প্রচণ্ড ধোঁয়ায় শ্বাসকষ্ট এবং অক্সিজেনের অভাবে তাদের স্বজন মারা গেছেন। তবে হাসপাতাল প্রশাসন এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, আগুনের কারণে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্বাভাবিক মৃত্যু কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে তারা জানান।
অন্যদিকে, আগুন নেভাতে গিয়ে আহত ৮ আনসার সদস্যকে জরুরি ভিত্তিতে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন:রাকেশ সরকার, রাজিব মিয়া, আল আমিন গাজী, কিশোর অধিকারী, নাজমুল, রাকিবুল, রুবেল দে এবং সম্রাট।
ফায়ার সার্ভিস ও হাসপাতাল সূত্র জানায়, মেডিসিন ভবনের যে স্টোর রুমে আগুন লেগেছে, সেখানে বিপুল পরিমাণ লেপ, তোষক, বালিশ ও অন্যান্য দাহ্য আসবাবপত্র মজুদ ছিল। আগুনে এসব মালামালের বড় একটি অংশ পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে তদন্ত কমিটি গঠন করা হতে পারে।
বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং হাসপাতালের পরিস্থিতি স্থিতিশীল করার চেষ্টা চলছে। তবে হাসপাতালের মতো একটি সংবেদনশীল জায়গার স্টোর রুমে কীভাবে আগুনের সূত্রপাত হলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।