• ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজাপুরে পরিবহন চালককে কুপিয়ে হত্যার চেষ্টা: হাসপাতালে মুমূর্ষু হাসিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২২, ২০২৬, ১৮:৫১ অপরাহ্ণ
রাজাপুরে পরিবহন চালককে কুপিয়ে হত্যার চেষ্টা: হাসপাতালে মুমূর্ষু হাসিব
রাজাপুরে পরিবহন চালককে কুপিয়ে হত্যার চেষ্টা: হাসপাতালে মুমূর্ষু হাসিব
নিজস্ব প্রতিবেদক,ঝালকাঠির রাজাপুর উপজেলার কানুদাসকাটি গ্রামে এক পরিবহন চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় একদল সন্ত্রাসীর বিরুদ্ধে। গত বুধবার (১৮ মার্চ) রাতে উপজেলার বটতলা গ্রাম সংলগ্ন এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
আহত চালকের নাম হাসিব, তিনি ওই এলাকার মজিবর ফরাজীর ছেলে। বর্তমানে তিনি বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের সার্জারি বিভাগে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
https://youtube.com/shorts/y_SfJuuHxOs?si=59qo5Xyzbcdin3KN
হাসপাতালের শয্যায় চিকিৎসাধীন হাসিব জানান, এই হামলার সূত্রপাত ঘটে গত রমজান মাসের শুরুর দিকে। রোজার প্রায় ১০ দিন আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় হায়দারের ছেলে রানা, তার সহযোগী জয়, মাদক ব্যবসায়ী রিয়াদসহ ৪-৫ জন সন্ত্রাসী হাসিব ও তার মা সাহিদা বেগমের ওপর অতর্কিত হামলা চালায়। ওই সময় হাসিবের মা গুরুতর আহত হয়ে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চার দিন ভর্তি ছিলেন।
তখন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় এবং সামাজিক সম্মানের কথা চিন্তা করে বিষয়টি আইনি প্রক্রিয়ায় না নিয়ে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়। কিন্তু সেই ঘটনার জের ধরে গত বুধবার (ঈদের মাত্র তিন দিন আগে) প্রতিপক্ষ হায়দারের নির্দেশে রানা, জয় ও রিয়াদসহ একদল দুর্বৃত্ত হাসিবের গতিরোধ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে রক্তাক্ত জখম করে।
হামলার পর হাসিবের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে দ্রুত রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, হাসিবের শরীরে গভীর ক্ষত রয়েছে এবং প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তার অবস্থা বর্তমানে সংকটাপন্ন।
আহত হাসিবের পরিবার জানিয়েছে, সন্ত্রাসীদের ভয়ে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা বর্তমানে হাসিবের সুচিকিৎসা নিয়ে ব্যস্ত থাকলেও, চিকিৎসা শেষে এই নৃশংস হামলার সঙ্গে জড়িত রানা, জয়, রিয়াদসহ সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করবেন। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন আহতের স্বজনরা।
এ বিষয়ে স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার খবর পাওয়া গেছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদটি শেয়ার করুন....