• ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মঠবাড়িয়ায় পাওনা টাকা ও জমি নিয়ে বিরোধ: প্রবাসীকে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৩, ২০২৬, ১৭:৫৩ অপরাহ্ণ
মঠবাড়িয়ায় পাওনা টাকা ও জমি নিয়ে বিরোধ: প্রবাসীকে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগ
মঠবাড়িয়ায় পাওনা টাকা ও জমি নিয়ে বিরোধ: প্রবাসীকে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক,পিরোজপুরের মঠবাড়িয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধ ও পাওনা টাকাকে কেন্দ্র করে মিরাজ মৃধা নামে এক প্রবাসীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে তার আপনজনদের বিরুদ্ধে। সোমবার (২৩ মার্চ) সকাল আনুমানিক ৯টার দিকে মঠবাড়িয়া পৌরসভার মিঠাখালী এলাকায় বিদ্যুৎ অফিসের পাশে এ বর্বরোচিত হামলার ঘটনা ঘটে।
আহত মিরাজকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) প্রেরণ করেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রবাসী মিরাজ মৃধার সাথে তার দূর সম্পর্কের মামা মাহবুব আকনের দীর্ঘদিন ধরে জমিজমা ও পাওনা টাকা নিয়ে বিরোধ চলে আসছিল। ভুক্তভোগী মিরাজের দাবি, প্রায় আড়াই বছর আগে তিনি প্রবাস থেকে দেশে ফেরার পর মাহবুব আকন তার মেয়ের বিয়ের কথা বলে নগদ টাকা ও স্বর্ণালংকার ধার নেন। দীর্ঘ সময় পার হলেও সেই টাকা ও গয়না ফেরত না দিয়ে মাহবুব তালবাহানা শুরু করেন এবং মিরাজকে বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন।
প্রত্যক্ষদর্শী ও আহতের বয়ান অনুযায়ী, সোমবার সকালে মিরাজ মিঠাখালী বিদ্যুৎ অফিসের পাশ দিয়ে যাওয়ার সময় পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে মিরাজের মাথায় আঘাত করে গুরুতর জখম করে। মিরাজ জানান:
মাহবুব আকন, তার ছেলে তানভীর, বড় ভাই রুহুল আমিন বাবুল এবং বাবুলের ছেলে সবুজ হঠাৎ আমার ওপর ঝাঁপিয়ে পড়ে। তারা আমাকে হত্যার উদ্দেশ্যেই মাথায় আঘাত করে।
বর্তমানে মিরাজ বরিশাল শেবাচিমে চিকিৎসাধীন রয়েছেন। তার স্বজনদের দাবি, মিরাজের মাথায় গভীর ক্ষত সৃষ্টি হয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। হামলার পর থেকে অভিযুক্তরা গা-ঢাকা দিয়েছে। এই ঘটনায় ভুক্তভোগীর পরিবার মঠবাড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে মিরাজ মৃধা বলেন, আমি এখন নিজ বাড়িতে ফিরতেও ভয় পাচ্ছি। আমি প্রশাসনের কাছে এই সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
এই বিষয়ে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদটি শেয়ার করুন....