• ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

উজিরপুরে আদম ব্যবসায়ীর প্রতারণার শিকার প্রবাসী: পাওনা চাওয়ায় প্রাণনাশের চেষ্টা, হাসপাতালে মুমূর্ষু মিরাজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৪, ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ণ
উজিরপুরে আদম ব্যবসায়ীর প্রতারণার শিকার প্রবাসী: পাওনা চাওয়ায় প্রাণনাশের চেষ্টা, হাসপাতালে মুমূর্ষু মিরাজ
উজিরপুরে আদম ব্যবসায়ীর প্রতারণার শিকার প্রবাসী: পাওনা চাওয়ায় প্রাণনাশের চেষ্টা, হাসপাতালে মুমূর্ষু মিরাজ
নিজস্ব প্রতিবেদক,বরিশালের উজিরপুর উপজেলায় বিদেশ পাঠানোর নামে সাড়ে ৫ লাখ টাকা হাতিয়ে নিয়ে এক যুবককে চরম বিপাকে ফেলার অভিযোগ উঠেছে পয়সারহাটের প্রভাবশালী আদম ব্যবসায়ী রবিউল ইসলাম টিপুর বিরুদ্ধে। প্রতারণার প্রতিবাদ ও পাওনা টাকা ফেরত চাওয়ায় ভুক্তভোগী মিরাজ মৃধাকে (৩৫) পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে পিটিয়ে গুরুতর জখম করার খবর পাওয়া গেছে। বর্তমানে মিরাজ বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের সার্জারি বিভাগে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, উজিরপুর উপজেলার পশ্চিম কেশবকাটি গ্রামের মিরাজ মৃধাকে কাতার পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে সাড়ে ৫ লাখ টাকা নেন রবিউল ইসলাম টিপু। তবে কাতারে যাওয়ার পর শুরু হয় টিপুর আসল নাটক। সেখানে মিরাজকে বৈধ কোনো কাজ না দিয়ে টিপুর সহযোগীরা তাকে জোরপূর্বক অবৈধ ‘হুন্ডি’ ব্যবসায় নামাতে বাধ্য করে। দীর্ঘ ১৪ মাস প্রবাসে মানবেতর জীবন যাপন এবং আইনি জটিলতায় জড়িয়ে শেষ পর্যন্ত রিক্ত হস্তে দেশে ফিরতে বাধ্য হন মিরাজ।
দেশে ফেরার পর মিরাজ তার পাওনা টাকা দাবি করলে টিপু তা দিতে অস্বীকার করেন। উল্টো মিরাজকে দমাতে ১০ লাখ টাকার একটি সাজানো ও মিথ্যা মামলা দায়ের করেন টিপু। তবে মামলার সত্যতা না পাওয়ায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) অধিকতর তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করলে বিজ্ঞ আদালত মামলাটি খারিজ করে দেন।
আদালতে মামলা খারিজ হওয়ার পর থেকেই টিপু ও তার সহযোগীরা মিরাজের ওপর ক্ষিপ্ত ছিল। গত সোমবার (২৩ মার্চ) বিকাল আনুমানিক সাড়ে ৪টার দিকে ‘লোকাল গেট’ নামক এলাকায় মিরাজকে একা পেয়ে টিপু, ইমরান ও সাইফুল টিপুর শ্বশুর সত্তার মৃধা সহ একদল সশস্ত্র সন্ত্রাসী তার ওপর ঝাঁপিয়ে পড়ে। দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি পিটিয়ে ও রক্তাক্ত জখম করে মৃত ভেবে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত শেবাচিম হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের বেডে যন্ত্রণায় কাতর মিরাজের পরিবারের সদস্যরা জানান, তারা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। আহতের স্বজনরা বলেন:টিপু শুধু আমাদের টাকা আত্মসাৎ করেনি, সে আমার ছেলেকে মেরে ফেলার চেষ্টা করেছে। আমরা এই প্রতারক ও সন্ত্রাসীর গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
এই বিষয়ে উজিরপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার খবর পাওয়া গেছে এবং লিখিত অভিযোগ সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদটি শেয়ার করুন....