পটুয়াখালীতে তুচ্ছ ঘটনায় ছোট ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা: অভিযুক্ত বড় ভাই ও তার পরিবার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৬, ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ণ
পটুয়াখালীতে তুচ্ছ ঘটনায় ছোট ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা: অভিযুক্ত বড় ভাই ও তার পরিবার
নিজস্ব প্রতিবেদক,পটুয়াখালী সদর উপজেলার বয়লা গ্রামে তুচ্ছ ঘটনার জেরে ছোট ভাইকে পরিকল্পিতভাবে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে বড় ভাই ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। গত ২৫ মার্চ (বুধবার) আনুমানিক দুপুর আড়াইটার দিকে নিজ বাড়িতেই এই হামলার ঘটনা ঘটে। বর্তমানে গুরুতর আহত শাহে আলম বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বয়লা গ্রামের আব্দুল মান্নানের ছেলে শাহে আলমের সাথে তার বড় ভাই সিদ্দিকের দীর্ঘদিনের পারিবারিক কলহ চলে আসছিল। বুধবার দুপুরে অত্যন্ত তুচ্ছ একটি বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বড় ভাই সিদ্দিক উত্তেজিত হয়ে তার পরিবারের অন্য সদস্যদের নিয়ে শাহে আলমের ওপর দেশীয় অস্ত্র নিয়ে চড়াও হন।
আহত শাহে আলমের অভিযোগ, পূর্ব পরিকল্পনা অনুযায়ী বড় ভাই সিদ্দিক, তার ছেলে জাফর, জামাতা বজলুর রহমান, মেয়ে জাকিয়া ও সাবিনা এবং স্ত্রী জোহরাসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন মিলে তাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করেন। ধারালো অস্ত্রের আঘাতে শাহে আলমের শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে।
চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে রক্তাত্ব অবস্থায় শাহে আলমকে উদ্ধার করেন। প্রথমে তাকে পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দ্রুত বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার্ড) পরামর্শ দেন। বর্তমানে সেখানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এই বর্বরোচিত হামলার ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। আহত শাহে আলমের পরিবারের সদস্যরা প্রশাসনের কাছে অবিলম্বে অভিযুক্ত সিদ্দিক ও তার সহযোগীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে স্থানীয় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও পারিবারিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে।