• ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেন্দীগঞ্জে দিনে-দুপুরে রক্তক্ষয়ী তাণ্ডব: দুই ভাই সহ ৩ জনকে কুপিয়ে হত্যার চেষ্টা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৩, ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ণ
মেহেন্দীগঞ্জে দিনে-দুপুরে রক্তক্ষয়ী তাণ্ডব: দুই ভাই সহ ৩ জনকে কুপিয়ে হত্যার চেষ্টা!
মেহেন্দীগঞ্জে দিনে-দুপুরে রক্তক্ষয়ী তাণ্ডব: দুই ভাই সহ ৩ জনকে কুপিয়ে হত্যার চেষ্টা!
নিজস্ব প্রতিবেদক :বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার জাঙ্গলিয়া ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে দুই সহোদরসহ তিনজনকে নির্মমভাবে কুপিয়ে ও পিটিয়ে জখম করার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে চর ভোলানাথ গ্রামের পুরাতন গুচ্ছগ্রাম এলাকায় এই বর্বরোচিত হামলা চালানো হয়।
আহতরা হলেন-স্থানীয় হারুন দফাদারের দুই ছেলে আব্বাস দফাদার ও রিয়াজ দফাদার এবং প্রতিবেশী ব্যবসায়ী বেল্লাল চৌকিদার। বর্তমানে তারা আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের সার্জারি বিভাগে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
ভুক্তভোগী পরিবার ও প্রত্যক্ষদর্শীদের দাবি, দীর্ঘদিনের বিরোধের জেরে স্থানীয় কামাল হাওলাদার ও সোলেমান দর্জির নেতৃত্বে সিদ্দিক হাওলাদার, সিদ্দিক বয়াতি, কাবুল বয়াতি, আমিন, শামীম, সুমন দর্জি, শাকিল, বনি আমিন, বিল্লাল, হারুন মেম্বার, জামাল হাওলাদার, জাকির বয়াতি, সাইদুল দর্জি, সোহেল মোল্লা, মাইদুল মৃধা, আইনুদ্দিন ফকির, ইউসুফ ফকির সহ ৪০-৫০ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী বাহিনী এই হামলা চালায়। সন্ত্রাসীরা প্রথমে বড় ভাই আব্বাসকে গাড়ি থেকে নামিয়ে রড দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা করে। তার দুই পা ভেঙ্গে দেওয়া হয়। ভাইকে বাঁচাতে ছোট ভাই রিয়াজ এগিয়ে এলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করা হয়। এসময় দোকান বন্ধ করতে গেলে বেল্লাল চৌকিদারকেও নির্মমভাবে কুপিয়ে জখম করে হামলাকারীরা।
আহতদের স্বজন মিজান জানান, “হামলাকারীরা তাদের জবাই করার চেষ্টা করেছিল। ভাগ্যক্রমে তারা বেঁচে ফিরলেও অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।” স্থানীয়দের অভিযোগ, প্রধান অভিযুক্ত কামালের বিরুদ্ধে এর আগেও ধর্ষণ ও একাধিক চাঁদাবাজির মামলা রয়েছে। তার সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকার সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে জিম্মি হয়ে আছে।
ভুক্তভোগী পরিবারটি নৌ পরিবহন প্রতিমন্ত্রী আলহাজ্ব রাজীব আহসানের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “প্রতিমন্ত্রী মহোদয় ঘোষণা দিয়েছিলেন এলাকায় কোনো সন্ত্রাসী থাকবে না। তাহলে এই চিহ্নিত সন্ত্রাসীরা কার প্রশ্রয়ে এমন তান্ডব চালাচ্ছে?” তারা দ্রুত এই সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মেহেন্দীগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং অভিযুক্তদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।
সংবাদটি শেয়ার করুন....