নিজস্ব প্রতিবেদক,পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই সহোদরতুল্য ভাইকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আজ রবিবার (১২ এপ্রিল) দুপুর আনুমানিক সাড়ে ১০ দিকে ইউনিয়নের সইলা বুনিয়া গ্রামে নিজ বাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে।
হামলাকারীরা কেবল রক্তক্ষয়ী সংঘর্ষেই ক্ষান্ত হয়নি, তারা ভুক্তভোগীদের বসতবাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালিয়ে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সইলা বুনিয়া গ্রামের মৃত মুসলিম হাওলাদারের ছেলে জাহাঙ্গীর হাওলাদার (৫৫) এবং তার চাচাতো ভাই ইউনুস হাওলাদার (৬০) এই হামলায় গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তারা আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন রয়েছেন।
আহতদের স্বজনরা জানান, জাহাঙ্গীর হাওলাদারদের পৈত্রিক ওয়ারিশি জমি নিয়ে প্রতিবেশী ও সম্পর্কে ভাগ্নে দুলাল মৃধা এবং তার পরিবারের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। প্রতিপক্ষ দুলাল মৃধা গংরা দীর্ঘদিন ধরেই ওই জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে আসছিল, যা নিয়ে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন সকাল ১০টার দিকে জমি নিয়ে জাহাঙ্গীর হাওলাদারের সাথে দুলাল মৃধার বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে দুপুর সাড় ১০ টার দিকে দুলাল মৃধা, তার স্ত্রী নুরুন্নাহার, ছেলে রাকিব এবং সহযোগী বিল্লাল ও নিজামসহ একদল সশস্ত্র সন্ত্রাসী পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে জাহাঙ্গীর হাওলাদারের ওপর ঝাঁপিয়ে পড়ে। এসময় তাকে বাঁচাতে চাচাতো ভাই ইউনুস হাওলাদার এগিয়ে এলে সন্ত্রাসীরা তাকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে।
রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক জরুরি ভিত্তিতে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
হামলার সময় ভুক্তভোগীদের ঘরবাড়িতে তাণ্ডব চালিয়ে নগদ টাকা ও মূল্যবান স্বর্ণালঙ্কার লুটের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।