• ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে আদালতের নির্দেশে সেইভ হোমে আসা অপহৃতার মাকে পিটিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৯, ২০২৬, ২১:২৫ অপরাহ্ণ
বরিশালে আদালতের নির্দেশে সেইভ হোমে আসা অপহৃতার মাকে পিটিয়ে জখম
বরিশালে আদালতের নির্দেশে সেইভ হোমে আসা অপহৃতার মাকে পিটিয়ে জখম
নিজস্ব প্রতিবেদক, বরিশাল নগরীর আমতলা মোড় সংলগ্ন নিরাপদ হেফাজতখানা (সেইভ হোম) এলাকায় দুর্ধর্ষ হামলার ঘটনা ঘটেছে। অপহরণ মামলার আসামিদের হামলায় গুরুতর আহত হয়েছেন ভুক্তভোগী এক কিশোরীর মা তাসলিমা বেগম (৪০)। আজ বুধবার বিকেল ৫টার দিকে সেইভ হোমের প্রবেশদ্বারের মাত্র ১৫ গজ দূরে প্রকাশ্য দিবালোকে এই অতর্কিত হামলার ঘটনা ঘটে।আহত তাসলিমা বেগম বরিশাল বিমানবন্দর থানাধীন রায়পাশা ফকিরহাট গ্রামের প্রবাসী শাহীন হাওলাদারের স্ত্রী। বর্তমানে তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পারিবারিক ও মামলা সূত্রে জানা যায়, গত ১৪ রমজান তাসলিমা বেগমের অপ্রাপ্তবয়স্ক কলেজ পড়ুয়া মেয়ে উর্মিকে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ করে বাবুগঞ্জ থানার বাহেরচর ক্ষুদ্র কাঠি গ্রামের মহিউদ্দিন মোহনের ছেলে মশিউর রহমান মোল্লা। এই ঘটনায় তাসলিমা বেগম বাদী হয়ে বরিশাল আদালতে একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে আদালত মেয়েটিকে উদ্ধার করে বয়স বিবেচনায় নিরাপদ হেফাজতের জন্য (সেইভ হোম) পাঠানোর নির্দেশ দেন।আজ ২৯ এপ্রিল মামলার নির্ধারিত তারিখ থাকায় মেয়েকে আদালতে হাজির করা হয়। আদালত উভয় পক্ষকে সমঝোতার ভিত্তিতে স্বাক্ষর করার শর্তে মেয়েটিকে জিম্মায় দেওয়ার আদেশ প্রদান করেন। এই বিষয়টি নিয়ে আলোচনার উদ্দেশ্যে তাসলিমা বেগম সেইভ হোমের সামনে পৌঁছালে সেখানে আগে থেকে ওত পেতে থাকা অপহরণকারী মশিউর রহমান মোল্লা, তার বাবা মহিউদ্দিন মোহনসহ ৪-৫ জন সহযোগী তার ওপর চড়াও হয়।
আহত তাসলিমা বেগম জানান, আলোচনার এক পর্যায়ে বিবাদী পক্ষ তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও লাঞ্ছিত করে। তিনি এর প্রতিবাদ করলে আসামিরা তাকে দেশীয় অস্ত্র দিয়ে বেদম মারধর করে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয় ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
এই  হামলার বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি সম্পর্কে আমরা এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি। তবে ঘটনার বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে। ভুক্তভোগী পরিবার অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদটি শেয়ার করুন....