প্রিন্ট এর তারিখঃ মার্চ ৩, ২০২৬, ১০:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৩, ২০২৬, ১২:৫০ অপরাহ্ণ
বরিশাল সিনিয়র- জুনিয়র দ্বন্দ্বে এসএসসি পরীক্ষার্থীসহ আহত ৩, থানায় মামলার
বরিশালে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে এসএসসি পরীক্ষার্থীসহ আহত ৩: থানায় মামলার প্রস্তুতি
নিজস্ব প্রতিবেদক বরিশাল সদর উপজেলার বন্দর থানাধীন চাঁদপুরা এলাকায় 'সিনিয়র-জুনিয়র' দ্বন্দ্বের জেরে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। এতে এক এসএসসি পরীক্ষার্থীসহ অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। গত বুধবার দুপুরে তালুকদারহাট স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন কমিউনিটি ক্লিনিকের সামনে এই হামলার ঘটনা ঘটে।হামলায় গুরুতর আহতরা হলেন: তাজুল ইসলাম (১৭): প্রবাসী জুয়েল নোক্তির ছেলে ও তালুকদারহাট স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী।ইমাম: একই প্রতিষ্ঠানের এইচএসসি পরীক্ষার্থী।শান্ত: তাজুলের সহপাঠী ও এসএসসি পরীক্ষার্থী।আহতদের মধ্যে তাজুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তালুকদারহাট কমিউনিটি ক্লিনিক সংলগ্ন মোড়ে কিছু বখাটে যুবক প্রায়ই ছাত্রীদের উত্ত্যক্ত করত। গত বুধবার স্কুল শেষে তাজুল ও শান্ত বাড়ি ফেরার পথে ওই বখাটেরা বিশৃঙ্খলা সৃষ্টি করছিল। এ সময় শান্তর চাচাতো ভাই ইমাম ঘটনাস্থলে পৌঁছে বখাটেদের রাস্তা অবরোধ করতে নিষেধ করেন।এই প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে বখাটে চক্রটি 'সিনিয়র-জুনিয়র' তর্কের জেরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। ইমামকে বাঁচাতে শান্ত ও তাজুল এগিয়ে গেলে তাদের ওপরও অতর্কিত হামলা করা হয়। তাজুলকে লক্ষ্য করে এলোপাতাড়ি পিটিয়ে তাকে রক্তাক্ত ও জখম করা হয়।
ভুক্তভোগীদের অভিযোগ, এই হামলার নেতৃত্ব দিয়েছেন বাপ্পি, সাকিবুল ও তুষার। এরা সবাই সিংহ বাড়ি আতারউদ্দিন কলেজের ছাত্র বলে জানা গেছে। হামলায় সরাসরি অংশ নেয় মেহেদী জিদান, তামিম, রিয়াদ, কাওসারসহ আরও ৩০-৪০ জন সহযোগী।
এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আহতদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলাকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে বরিশাল বন্দর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
© Copyright, All Rights Reserved, EkusherChokh24