প্রিন্ট এর তারিখঃ জুন ২১, ২০২৬, ৭:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৬, ২০২৬, ৭:৫৭ অপরাহ্ণ
বরিশালে জমি নিয়ে বিরোধ: একই পরিবারের তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম

বরিশালে জমি নিয়ে বিরোধ: একই পরিবারের তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম
নিজস্ব প্রতিবেদক,বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের হরিনাফুনিয়া এলাকায় জমির সীমানা নির্ধারণ ও চলাচলের পথ বন্ধ করাকে কেন্দ্র করে এক নৃশংস হামলার ঘটনা ঘটেছে। এতে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) দুপুর আনুমানিক ২টার দিকে স্থানীয় মুন্সি বাড়িতে এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে।আহতরা হলেন— ওই এলাকার মৃত সফেজ উদ্দিন হাওলাদারের ছেলে ফারুক হাওলাদার, তার স্ত্রী লিলি বেগম এবং ছেলে ফাহিম। এদের মধ্যে ফারুক ও লিলি বেগমের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
ভুক্তভোগী ফারুক হাওলাদার জানান, পৈত্রিক ওয়ারিশি জমি নিয়ে প্রতিবেশী হালিম মুন্সি গংদের সাথে তাদের দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। শুক্রবার দুপুরে হালিম মুন্সি তার সহযোগীদের নিয়ে ফারুকদের ঘরের সামনের চলাচলের পথ বন্ধ করে জোরপূর্বক সীমানা প্রাচীর (বাউন্ডারি) দিতে শুরু করেন। ফারুক এর প্রতিবাদ করলে প্রতিপক্ষের সাথে বাকবিতণ্ডা হয়।
আভিযোগ উঠেছে, পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হালিম মুন্সি, তার ভাই নাসির মুন্সি, খলিল মুন্সি, জলিল মুন্সি এবং নাসিরের ছেলে সালাউদ্দিনসহ অজ্ঞাত আরও কয়েকজন ফারুকের ওপর অতর্কিত হামলা চালায়। তাকে বাঁচাতে স্ত্রী লিলি ও ছেলে ফাহিম এগিয়ে এলে তাদের ওপরও চড়াও হয় হামলাকারীরা।
হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং লাঠিসোটা দিয়ে পিটিয়ে লিলি বেগমের হাতে জখম হয় এবং ফারুককে হাত ভেঙ্গে যায়। বর্তমানে তারা শেবাচিম হাসপাতালের সার্জারি ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
আহতদের স্বজনরা জানান, হালিম মুন্সি ও তার সহযোগীরা এলাকায় অত্যন্ত প্রভাবশালী ও বেপরোয়া। ইতিপূর্বেও তারা বেশ কয়েকবার ফারুকের পরিবারের ওপর হামলা চালিয়েছে। তাদের অত্যাচারে এলাকার সাধারণ মানুষও তটস্থ থাকে।
হাসপাতালে চিকিৎসাধীন ফারুক হাওলাদার বলেন, "তারা আমাদের হত্যার উদ্দেশ্যেই হামলা চালিয়েছে। আমরা এখন হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। চিকিৎসা শেষ করে আমরা থানায় মামলা দায়ের করব এবং এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে স্থানীয় থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
© Copyright, All Rights Reserved, EkusherChokh24