প্রিন্ট এর তারিখঃ জুন ২১, ২০২৬, ৬:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৪, ২০২৬, ২:১৩ অপরাহ্ণ
জমি সংক্রান্ত বিরোধে ভান্ডারিয়ায় মসজিদের ইমামকে কুপিয়ে হত্যার চেষ্টা,

জমি সংক্রান্ত বিরোধে ভান্ডারিয়ায় মসজিদের ইমামকে কুপিয়ে হত্যার চেষ্টা,
নিজস্ব প্রতিবেদক,পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার দক্ষিণ তেলিখালী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে মো. সোলাইমান সাজ্জাল নামে এক মসজিদের ইমামকে নৃশংসভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বর্তমানে তিনি গুরুতর জখম অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২১ মার্চ (বৃহস্পতিবার) আনুমানিক বিকেল সাড়ে ৫টার দিকে নিজ বাড়ির দরজার সামনে এই হামলার শিকার হন সোলাইমান। তিনি ওই এলাকার সুলতান মিয়ার ছেলে। দীর্ঘ দিন ধরে সোলাইমানের পরিবারের সাথে প্রতিপক্ষ নুরুল আলম ও তার পরিবারের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল।
আহত সোলাইমান সাজ্জাল জানান, পৈতৃক জমি জবরদখল করতে নুরুল আলম ও তার অনুসারীরা মরিয়া হয়ে উঠেছিল। এ নিয়ে ইতিপূর্বেও তাকে একাধিকবার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। ঘটনার দিন বৃহস্পতিবার বিকেলে পূর্বপরিকল্পিতভাবে নুরুল আলমের নেতৃত্বে তার ছেলে হাসিব, শাওন ও কাজলসহ একদল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সোলাইমানের ওপর ঝাঁপিয়ে পড়ে। সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে ভারী বস্তু দিয়ে আঘাত করলে তার মাথা ফেটে মগজ বেরিয়ে যাওয়ার উপক্রম হয়।
হামলার পর রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, মাথায় গুরুতর আঘাতের কারণে তার অবস্থা এখনো আশঙ্কাজনক।
এদিকে এই বর্বরোচিত হামলার পর থেকে সোলাইমানের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রতিপক্ষ প্রভাবশালী হওয়ায় তারা আইনি পদক্ষেপ নিতেও বাধা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। কান্নায় ভেঙে পড়ে আহতের স্বজনরা এই নৃশংস ঘটনার সাথে জড়িত নুরুল আলমসহ সকল হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
© Copyright, All Rights Reserved, EkusherChokh24