প্রিন্ট এর তারিখঃ জুন ২১, ২০২৬, ৬:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৫, ২০২৬, ১২:২৫ অপরাহ্ণ
বাকেরগঞ্জে মা ও শিশুকে পিটিয়ে জখম, ঘরবাড়ি ভাঙচুর

বাকেরগঞ্জে মা ও শিশুকে পিটিয়ে জখম, ঘরবাড়ি ভাঙচুর
নিজস্ব প্রতিবেদক,বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নের হানুয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গৃহবধূ ও তার আট বছরের শিশু সন্তানের ওপর বর্বরোচিত হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুক্রবার (২১ মার্চ) রাত আনুমানিক ৯টার দিকে নিজ বসতবাড়িতে এই হামলার ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত মা ও শিশুকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত মাহিনুর বেগম জানান, তিনি তার শ্বশুরবাড়ির এক পাশে সপরিবারে বসবাস করেন এবং অন্য পাশে তার দেবর জাফর ও তার পরিবার থাকে। ঘটনার দিন রাতে মাহিনুরের আট বছরের শিশু সন্তান জাহিদ কান্নাকাটি করলে তা নিয়ে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। জাহিদের কান্নার শব্দে বিরক্ত হয়ে মাহিনুরের যা (দেবরের স্ত্রী) সায়মা বেগম অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন।
মাহিনুর এর প্রতিবাদ করলে সায়মা এবং তার ছেলে জীবন দেশীয় অস্ত্র নিয়ে মাহিনুরের ওপর ঝাঁপিয়ে পড়ে। এসময় মাকে বাঁচাতে শিশু জাহিদ এগিয়ে এলে তাকেও নির্মমভাবে পিটিয়ে জখম করা হয়। হামলাকারীরা শুধু মেরেই ক্ষান্ত হয়নি, মাহিনুরের বসতঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
হাসপাতালে চিকিৎসাধীন মাহিনুর বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, দীর্ঘদিন ধরে সায়মা ও তার পরিবার আমাদের ওপর অত্যাচার করে আসছে। আমার স্বামী স্বপন হাওলাদারকে তারা মাঝেমধ্যেই প্রাণনাশের হুমকি দেয়। এখন আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা এই বর্বরোচিত হামলার সঠিক বিচার চাই।
ঘটনার পর রাতেই বিষয়টি বাকেরগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হয়েছে। ভুক্তভোগী পরিবার জানিয়েছে, বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন থাকায় থানায় লিখিত অভিযোগ দিতে পারেননি। সুস্থ হওয়ার পরপরই হামলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করবেন।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মৌখিকভাবে বিষয়টি জেনেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
© Copyright, All Rights Reserved, EkusherChokh24