প্রিন্ট এর তারিখঃ জুন ২১, ২০২৬, ৫:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৪, ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ণ
বানারীপাড়ায় জমি বিরোধে একই পরিবারের ৪ জনকে পিটিয়ে হত্যার চেষ্টা, ৩ জন আশঙ্কাজনক

বানারীপাড়ায় জমি বিরোধে একই পরিবারের ৪ জনকে পিটিয়ে হত্যার চেষ্টা, ৩ জন আশঙ্কাজনক
নিজস্ব প্রতিবেদক,বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মলুহার গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের পরিকল্পিত হামলায় একই পরিবারের অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ২৩ মার্চ (সোমবার) রাত আনুমানিক সাড়ে আটটার দিকে মলুহার গ্রামে এই হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন ওই এলাকার মৃত শাহজাহান সরদারের ছেলে নাসির সরদার (৩৫), তার চাচাতো ভাই মাকসুদুর রহমান (৪৫) এবং ভাতিজা সাজিম (১৮)। বর্তমানে তারা শেবাচিম হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন মাকসুদুর রহমান জানান, প্রতিবেশী মৃত মোদাচ্ছেরের ছেলে শহীদ তালুকদার গংদের সাথে তাদের ক্রয়কৃত জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত এক সপ্তাহ আগে শহীদ ও তার সহযোগীরা মাকসুদদের মালিকানাধীন জমি থেকে জোরপূর্বক মাটি কেটে নিয়ে যায়। বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়।
মাকসুদের অভিযোগ, এই প্রতিবাদের জেরে ক্ষিপ্ত হয়ে গত রাতে শহীদ তালুকদার, তার ছেলে সাব্বির এবং ভায়রার ছেলে আরমানসহ ২০-২৫ জনের একদল ভাড়াটে সন্ত্রাসী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পরিকল্পিতভাবে প্রথমে সাজিমের ওপর ঝাঁপিয়ে পড়ে। এসময় তাকে বাঁচাতে মাকসুদ ও নাসির এগিয়ে এলে সন্ত্রাসীরা তাদের ওপরও অতর্কিত হামলা চালায়। রামদা, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রের আঘাতে তাদের শরীররে বিভিন্ন স্থানে মারাত্মক জখম করা হয়।
স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে বানারীপাড়া থানার অফিসার্স ইনচার্জ(ওসি) মাইনুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে জানা যায়, হামলার বিষয়টি মৌখিকভাবে পুলিশকে অবহিত করা হয়েছে। তবে আহতরা চিকিৎসাধীন থাকায় এখনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের করা সম্ভব হয়নি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সুস্থ হওয়ার পর তারা নিয়মিত মামলা দায়ের করবেন।
ভুক্তভোগী পরিবারটি এই ন্যাক্কারজনক হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
© Copyright, All Rights Reserved, EkusherChokh24