প্রিন্ট এর তারিখঃ জুন ১৯, ২০২৬, ২:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৮, ২০২৬, ৮:০৬ অপরাহ্ণ
আমতলীতে মাটি কাটা নিয়ে বিরোধ: দিনমজুরকে কুপিয়ে হত্যার চেষ্টা, আশঙ্কাজনক অবস্থায় শেবাচিমে ভর্তি

আমতলীতে মাটি কাটা নিয়ে বিরোধ: দিনমজুরকে কুপিয়ে হত্যার চেষ্টা, আশঙ্কাজনক অবস্থায় শেবাচিমে ভর্তি
নিজস্ব প্রতিবেদক,বরগুনার আমতলী উপজেলার হলদিয়া গ্রামে বসতবাড়ির পাশ থেকে মাটি কাটাকে কেন্দ্র করে স্বপন হাওলাদার (৪৫) নামে এক দিনমজুরকে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শনিবার (২৮ মার্চ) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। আহত স্বপন বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।আহত স্বপন হাওলাদার হলদিয়া গ্রামের সিকান্দার আলীর ছেলে।
ঘটনার বিবরণ ও স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত আব্দুল হক ও তার ছেলে সোহেল সোহাগসহ পরিবারের সদস্যরা স্বপনদের বাড়ির রাস্তার পাশ থেকে অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাচ্ছিল। এতে যাতায়াতের রাস্তাটি ভেঙে যাওয়ার উপক্রম হলে স্বপন তাতে বাধা দেন। এই প্রতিবাদকে কেন্দ্র করেই আব্দুল হকের সঙ্গে স্বপনের চরম বিরোধের সৃষ্টি হয়।
ভুক্তভোগী স্বপন হাওলাদার অভিযোগ করেন, মাটি কাটায় বাধা দেওয়ার জেরে শনিবার সকালে আব্দুল হক, তার ছেলে সোহেল ও সোহাগসহ আরও কয়েকজন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে মৃত ভেবে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্থানীয়রা অভিযোগ করেছেন, ঘটনার মূল হোতা আব্দুল হক নিজের অপরাধ আড়াল করতে এবং মামলা থেকে বাঁচতে উল্টো নাটক সাজিয়েছেন। তিনি নিজেই 'ইনজুরি' দেখিয়ে বরিশাল মেডিকেলে ভর্তি হয়েছেন বলে জানা গেছে, যাতে ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করা যায়।
স্বপনের স্বজনরা জানিয়েছেন, এই নৃশংস হামলার ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
© Copyright, All Rights Reserved, EkusherChokh24