প্রিন্ট এর তারিখঃ জুন ২১, ২০২৬, ৪:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩০, ২০২৬, ৯:২৯ অপরাহ্ণ
নলছিটিতে শিপ বিল্ডার্সের জমি থেকে গাছ লুট: নেপথ্যে জিয়া মাঝি বাহিনী, থানায় অভিযোগ

নলছিটিতে শিপ বিল্ডার্সের জমি থেকে গাছ লুট: নেপথ্যে জিয়া মাঝি বাহিনী, থানায় অভিযোগ
নিজস্ব প্রতিবেদক,ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নে অবস্থিত 'এ্যাডভেঞ্চার শিপ বিল্ডার্স লিঃ'-এর মালিকানাধীন জমি থেকে প্রকাশ্য দিবালোকে কয়েক লক্ষ টাকার গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী জিয়া মাঝি ও তার সহযোগীদের বিরুদ্ধে এই লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং নিরাপত্তা হীনতায় ভুগছেন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা।
প্রাপ্ত তথ্যানুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি জিয়া মাঝির নেতৃত্বে ১০-১২ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শিপ বিল্ডার্সের সীমানায় প্রবেশ করে প্রায় ২০-২৫টি মূল্যবান গাছ কেটে নিয়ে যায়। লুটকৃত এসব গাছের বাজারমূল্য প্রায় ৩ লক্ষাধিক টাকা বলে দাবি করেছে কর্তৃপক্ষ। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই গত ২৯ মার্চ (রবিবার) পুনরায় গাছ কাটতে শুরু করে অভিযুক্তরা।
প্রতিষ্ঠানের কেয়ারটেকার বাধা দিতে গেলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে জানা গেছে। উদ্ভূত পরিস্থিতিতে এ্যাডভেঞ্চার শিপ বিল্ডার্সের ম্যানেজার মো. আবুল বাসার বাদী হয়ে নলছিটি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে যাদের নাম উঠে এসেছে তারা হলেন:জিয়া মাঝি (মূল অভিযুক্ত),রিয়াজ মাঝি,রমিজ মাঝি সহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জন।
এ্যাডভেঞ্চার শিপ বিল্ডার্সের মালিক মো. নিজাম উদ্দিন এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন,গত ৫ই আগস্ট ২০২৪-এর রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে জিয়া মাঝির নেতৃত্বে আমার অফিস ভবন ও গেস্ট হাউসে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। তারা মাছের ঘের থেকে মাছ পর্যন্ত লুট করে নিয়ে গেছে। এই চক্রটির বিরুদ্ধে আগে থেকেই থানায় চাঁদাবাজি মামলা রয়েছে। এখন তারা আমার ব্যক্তিগত মালিকানাধীন বাগানের গাছ কেটে নিয়ে যাচ্ছে। আমি প্রশাসনের কাছে জানমালের নিরাপত্তা ও দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। তিনি বলেন,আমরা অভিযোগ পেয়েছি। পুলিশ তদন্ত শুরু করেছে। আইনশৃঙ্খলার অবনতি ঘটালে বা অন্যের সম্পদ লুট করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
© Copyright, All Rights Reserved, EkusherChokh24