প্রিন্ট এর তারিখঃ জুন ১৯, ২০২৬, ৩:২২ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৫, ২০২৬, ১:৪৮ অপরাহ্ণ
নলছিটিতে পূর্ব শত্রুতার জেরে চাচা-ভাতিজাসহ ৪ জনকে হত্যার চেষ্টা!

নলছিটিতে পূর্ব শত্রুতার জেরে চাচা-ভাতিজাসহ ৪ জনকে হত্যার চেষ্টা!
নিজস্ব প্রতিবেদক, ঝালকাঠির নলছিটি উপজেলার ৫নং সুবিদপুর ইউনিয়নের গোদন্ডা গ্রামে পূর্ব শত্রুতার জেরে একই পরিবারের চার সদস্যের ওপর বর্বরোচিত হামলা চালানোর অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় তারা ক্ষুদ্র ব্যবসায়ী মানিকের কাছ থেকে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। শনিবার (৪ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে নিজ বাড়ির সংলগ্ন ব্রিজ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
হামলায় গুরুতর আহতরা হলেন- ওই এলাকার বাসিন্দা ইউনুস মোল্লা (৫৫), তার ছেলে মানিক মোল্লা (২৮), ভাই ফারুক মোল্লা (৫০) এবং ভাতিজি সুমি বেগম (২২)। ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ফারুক মোল্লা ও মানিক মোল্লার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে রেফার করা হয়।
আহত ইউনুস মোল্লা অভিযোগ করে জানান, প্রতিবেশী হায়দার ও তার পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের বিরোধ চলে আসছিল। ঘটনার দিন শনিবার রাতে ইউনুস মোল্লার ছেলে মানিক বাজার থেকে তরমুজ বিক্রি করে বাড়ি ফিরছিলেন। পথে বাড়ির পাশের ব্রিজের ওপর পৌঁছালে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা হায়দারের ছেলে আলিম, আশিক ও লাকি বেগমসহ একদল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তার পথরোধ করে। একপর্যায়ে তাকে হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালায় তারা।
ছেলের ওপর হামলার খবর পেয়ে বাবা ইউনুস মোল্লা, চাচা ফারুক মোল্লা ও বোন সুমি বেগম ঘটনাস্থলে ছুটে গেলে হামলাকারীরা তাদের ওপরও চড়াও হয় এবং কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে।
ভুক্তভোগী পরিবারের দাবি, মূল ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং আইনি জটিলতায় ফাঁসাতে হামলাকারীদের মধ্যে লাকি বেগম নিজেও ‘ইনজুরি’র নাটক সাজিয়ে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে স্বজনদের সূত্রে নিশ্চিত হওয়া গেছে। বিষয়টি নিয়ে স্থানীয় থানা পুলিশের পক্ষ থেকে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
© Copyright, All Rights Reserved, EkusherChokh24