প্রিন্ট এর তারিখঃ জুন ১৯, ২০২৬, ২:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১০, ২০২৬, ৯:১৫ অপরাহ্ণ
বরগুনায় পৈতৃক জমিতে ঘর তোলায় বাধা: নারীকে বিবস্ত্র করে নির্যাতন ও শ্বাসরোধে হত্যার চেষ্টা

বরগুনায় পৈতৃক জমিতে ঘর তোলায় বাধা: নারীকে বিবস্ত্র করে নির্যাতন ও শ্বাসরোধে হত্যার চেষ্টা
নিজস্ব প্রতিবেদক, বরগুনার আমতলী উপজেলায় পৈতৃক জমিতে ঘর নির্মাণে বাধা দেওয়াকে কেন্দ্র করে জোহরা আক্তার (৩২) নামে এক নারীকে বিবস্ত্র করে অমানুষিক নির্যাতন ও শ্বাসরোধে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার চাওড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চাওড়া গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে।আহত জোহরা আক্তার ওই এলাকার মৃত শয়জদ্দি হাওলাদারের মেয়ে। বর্তমানে তিনি গুরুতর অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত জোহরা আক্তার জানান, দীর্ঘ দিন ধরে তাদের পৈতৃক ওয়ারিশি জমি নিয়ে প্রতিবেশী রেজাউল ও তার পরিবারের সঙ্গে বিরোধ চলে আসছে। রেজাউলদের নানা বাড়ি জোহরাদের বাড়ির পাশে হওয়ায় তারা প্রভাব খাটিয়ে জোহরাদের ওয়ারিশি জমি জবরদখল করে ঘর তোলার চেষ্টা করছিল।শুক্রবার দুপুর আনুমানিক ১২টার দিকে জোহরা ওই অবৈধ দখলে বাধা দিলে প্রতিপক্ষের রেজাউল, তার ভাই বাইজিদ ও মনিরসহ বেশ কয়েকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা তাকে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে এবং একপর্যায়ে বিবস্ত্র করে শ্লীলতাহানি করে। এমনকি তার গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টাও চালানো হয়।জোহরা আক্তারের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। জোহরার শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ ঘটনায় আহত জোহরার পরিবার তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। পরিবারের পক্ষ থেকে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর বিষয়টি মৌখিকভাবে জানানো হয়েছে বলে নিশ্চিত করেছে ভুক্তভোগী পরিবার। তারা এখন একটি আনুষ্ঠানিক মামলার প্রস্তুতি নিচ্ছেন।
এ বিষয়ে আমতলী থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার খবর পাওয়া গেছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
© Copyright, All Rights Reserved, EkusherChokh24