গৌরনদীতে তুচ্ছ ঘটনায় গৃহবধূকে কুপিয়ে হত্যাচেষ্টা, হাসপাতালে ভর্তি
নিজস্ব প্রতিবেদক,বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নে তুচ্ছ ঘটনার জেরে লাকি বেগম (৩৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে নৃশংসভাবে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার বাদুরতলা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত লাকি বেগম ওই গ্রামের পান্নু তালুকদারের স্ত্রী। বর্তমানে তিনি গুরুতর অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে জানা গেছে।
https://youtube.com/shorts/xpkL0JAsYHc?si=xW-6prg2Th7Z90Bx
ভুক্তভোগীর স্বামী পান্নু তালুকদার জানান, প্রতিবেশী মিন্টু তালুকদারের পরিবারের সাথে তাদের দীর্ঘদিনের পারিবারিক বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মিন্টু তালুকদার, তার স্ত্রী রাশিদা বেগম এবং সহযোগী রাশেদ তালুকদার পরিকল্পিতভাবে লাকি বেগমের ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে।
আহতের স্বজনদের অভিযোগ, এই হামলার পেছনে স্থানীয় বিএনপি নেতা অলি কসাইয়ের প্রত্যক্ষ ইন্ধন ও নেতৃত্ব রয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে তাকে ব্যবহার করেই এই হামলা চালানো হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের।ঘটনার পর স্থানীয়রা লাকি বেগমকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
ভুক্তভোগী পরিবার থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।