প্রিন্ট এর তারিখঃ জুন ১৭, ২০২৬, ৯:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৪, ২০২৬, ২:৩৬ অপরাহ্ণ
বরিশালে জমি নিয়ে বিরোধ: একই পরিবারের ৩ জনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টা

বরিশালে জমি নিয়ে বিরোধ: একই পরিবারের ৩ জনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টা
নিজস্ব প্রতিবেদক, বরিশাল বিমানবন্দর থানাধীন মগর পাড়া গ্রামে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে এক নৃশংস হামলার ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাত ও পিটুনিতে একই পরিবারের তিন সদস্য গুরুতর আহত হয়েছেন। গত ২৩ এপ্রিল, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে ভুক্তভোগীদের নিজ বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।আহতরা হলেন— ওই এলাকার আদম আলী খানের ছেলে কামাল খান, তার বড় ভাইয়ের স্ত্রী হালিমা বেগম এবং ভাতিজি আছিয়া বেগম। স্বজনরা জানান, হামলাকারীরা পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এ সময় বাড়ি থেকে নগদ ১ লাখ ৩ হাজার টাকা এবং স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে হামলাকারীদের বিরুদ্ধে।আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, কামাল খান ও হালিমা বেগমের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য যে কোনো সময় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হতে পারে।
আহত কামাল খান জানান, প্রায় দুই যুগ আগে তার বাবা আদম আলী খান প্রতিবেশী আইয়ুব খানের কাছ থেকে ৩ শতাংশ জমি ক্রয় করেছিলেন। তৎকালীন সময়ে সুসম্পর্ক থাকায় জমির টাকা বুঝিয়ে দেওয়া হলেও কোনো দলিল সম্পাদন করা হয়নি। আইয়ুব খানের মৃত্যুর পর তার ছেলে আব্দুর রাজ্জাক ও পরিবারের অন্য সদস্যরা ওই জমির মালিকানা অস্বীকার করে আসছিলেন। এ নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্ব নিরসনে একাধিকবার আপোষ-মীমাংসার কথা থাকলেও রাজ্জাক ও তার পরিবার তা প্রত্যাখ্যান করে।
অভিযোগ উঠেছে, আব্দুর রাজ্জাক, তার ভাই রাসেল, ছেলে ইমন, সহযোগী জুবায়ের এবং পরিবারের নারী সদস্য রহিমা, ফুল বানু ও আয়েশাসহ একদল সশস্ত্র ব্যক্তি এই অতর্কিত হামলা চালায়। ভুক্তভোগীদের দাবি, হত্যার উদ্দেশ্যেই তাদের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে।
ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে প্রধান অভিযুক্ত আব্দুর রাজ্জাক ও তার স্ত্রী আয়েশা নিজেরা ইনজুরি দেখিয়ে হাসপাতালে নাটকীয়ভাবে ভর্তি হন বলে অভিযোগ করেছেন আহতরা। তাদের দাবি, মামলা দুর্বল করতেই এই কৌশলের আশ্রয় নিয়েছে প্রতিপক্ষ। তবে এ প্রসঙ্গে আব্দুর রাজ্জাক জানান, তারা চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফিরে গেছেন।
বিমানবন্দর থানা পুলিশ সূত্রে জানা গেছে, বিষয়টি মৌখিকভাবে অবহিত করা হয়েছে। ভুক্তভোগী পরিবার বর্তমানে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
© Copyright, All Rights Reserved, EkusherChokh24