• ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

পটুয়াখালীতে পাওনা টাকা চাইতে গিয়ে ইউপি সদস্যকে নির্মমভাবে হত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত নভেম্বর ১৫, ২০২৫, ২১:০১ অপরাহ্ণ
পটুয়াখালীতে পাওনা টাকা চাইতে গিয়ে ইউপি সদস্যকে নির্মমভাবে হত্যা

পটুয়াখালীতে পাওনা টাকা চাইতে গিয়ে ইউপি সদস্যকে নির্মমভাবে হত্যা

পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নে পাওনা টাকা চাইতে গিয়ে হামলার শিকার হয়ে সরোয়ার হোসেন (৪৮) নামের এক ব্যক্তি মারা গেছেন। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল ৫টার দিকে সদর উপজেলার বানিয়াকাঠি এলাকায় এই হামলার ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত গভীর রাতে তাঁর মৃত্যু হয়। নিহত সরোয়ার হোসেন সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের পুকুরজনা এলাকার গনি হাওলাদারের ছেলে এবং ৬ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।

নিহত ব্যক্তির বড় ভাই দেলোয়ার হোসেন জানান, ইলিয়াস নামের এক ব্যক্তি সরোয়ারের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা শোধ করার কথা বলে ইলিয়াস তাঁর ভাইকে নিজের বাড়িতে ডাকেন।

দেলোয়ার হোসেনের অভিযোগ, ‘টাকা দেওয়ার অজুহাতে ডেকে নিয়ে বারেক মৃধার ছেলে ইলিয়াস মৃধা এবং তাদের সহযোগী,আতাহারের ছেলে ফারুক ওরফে ঘুড়ি ফারুক, মতি হাওলাদারের ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর, মোঃ হাসানের স্ত্রী মরিয়ম, মনির হোসেন খানের ছেলে মাহমুদ হোসেন শিশির সহ একদল দুর্বৃত্ত সন্ত্রাসী পূর্ব পরিকল্পিতভাবে দা ও রড দিয়ে আমার ভাইয়ের ওপর হামলা করে। হামলাকারীরা সরোয়ারের সাথে থাকা নগদ ৫০ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়।হাসপাতালে নেওয়ার আগেই আমার ভাই হামলাকারী এবং হামলার কারণ উল্লেখ করে জবানবন্দি দিয়েছেন।’

গুরুতর অবস্থায় সরোয়ার হোসেনকে প্রথমে পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তাঁর মৃত্যু হয়।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ বর্তমানে বরিশালে রয়েছে। নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন....