বরিশালে সততা ও নৈতিকতার আহ্বানে ‘যুব ক্যাম্প ২০২৬’ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৬, ২০২৬, ২৩:৫০ অপরাহ্ণ
বরিশালে সততা ও নৈতিকতার আহ্বানে ‘যুব ক্যাম্প ২০২৬’ অনুষ্ঠিত
বরিশাল বিমানবন্দর থানাধীন মাধবপাশার খ্রিস্টান কলোনিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘যুব ক্যাম্প ২০২৬’। ‘ইউনিটি চার্চ অব বিডি ট্রাস্ট’-এর আয়োজনে এই ক্যাম্পে এলাকার বিপুল সংখ্যক তরুণ অংশগ্রহণ করেন। তরুণ প্রজন্মের মাঝে নৈতিক মূল্যবোধ ও সততার বীজ বপন করার লক্ষ্যে এই মহতী উদ্যোগ গ্রহণ করে ‘ইউনিটি চার্চ অব বিডি ট্রাস্ট’।
গত শনিবার সকালে আয়োজিত এই ক্যাম্পের মূল প্রতিপাদ্য বিষয় ছিল— “Living With Integrity When No One Sees” অর্থাৎ, “যখন কেউ দেখে না, তখনও সততা বা ন্যায়নিষ্ঠার সাথে বেঁচে থাকা।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাইবেল স্টুডেন্টস ফেলোশিপ অব বাংলাদেশ (BSFB)-এর মিশন কোঅর্ডিনেটর জুলফিকার আলী পলাশ। জনপ্রিয় নিউজ পোর্টাল একুশের চোখ টোয়েন্টিফোরের বরিশাল প্রতিনিধি অমিত অধিকারী, সমাজ সেবিকা অহনা অধিকারী, সহ প্রোগ্রামের আরো নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান বক্তা জুলফিকার আলী পলাশ তার বক্তব্যে বলেন, “সততা কেবল লোকদেখানো কোনো বিষয় নয়, বরং এটি মানুষের অন্তরের প্রতিচ্ছবি। সমাজ ও রাষ্ট্রের প্রকৃত উন্নয়নের জন্য আমাদের এমন এক তরুণ সমাজ দরকার, যারা কেবল সিসিটিভি ক্যামেরা বা আইনের ভয়ে নয়, বরং নিজের বিবেকের তাড়নায় সৎ থাকবে।
ক্যাম্পে পবিত্র বাইবেলের গীতসংহিতা আলোকে আলোচনা করা হয়, যেখানে নিজের গৃহ ও ব্যক্তিগত জীবনে নির্দোষ ও শুদ্ধ হৃদয়ে চলার আহ্বান জানানো হয়েছে। আয়োজক সংস্থা ‘ইউনিটি চার্চ অব বিডি ট্রাস্ট’-এর প্রতিনিধিরা জানান, আজকের যুবসমাজই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের যদি ব্যক্তিগত পর্যায়ে স্বচ্ছ ও দায়বদ্ধ হতে শেখানো যায়, তবেই একটি সুন্দর সমাজ গঠন সম্ভব।
দিনব্যাপী এই ক্যাম্পে বিভিন্ন এলাকা থেকে আসা যুবকরা অংশগ্রহণ করেন। আলোচনা সভার পাশাপাশি ছিল দলগত মতবিনিময় ও জীবনমুখী শিক্ষার বিভিন্ন সেশন। অংশগ্রহণকারী একজন তরুণ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “এই থিমটি আমাকে নতুন করে ভাবতে শিখিয়েছে। আমরা অনেক সময় মানুষের সামনে ভালো সাজার চেষ্টা করি, কিন্তু নির্জনেও যে নীতিবান থাকতে হয়—সেটিই আজ বড় শিক্ষা।”
পরিশেষে, বর্তমান অস্থির সময়ে এ ধরনের নৈতিক শিক্ষামূলক আয়োজন তরুণদের সঠিক পথে পরিচালিত করতে বিশেষ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহলের বিশ্বাস।