বরিশালে জমি নিয়ে বিরোধ: মসজিদে বাথরুম নির্মাণকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৭, ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক, বরিশাল এয়ারপোর্ট থানাধীন কাশিপুর ইউনিয়নে পৈত্রিক জমি নিয়ে বিরোধের জেরে এক নৃশংস হামলার ঘটনা ঘটেছে। মসজিদে বাথরুম নির্মাণে বাধা দেওয়াকে কেন্দ্র করে একই পরিবারের সদস্যদের হামলায় ১ জন গুরুত্বর আহতসহ অন্তত ৩ জন আহত হয়েছেন। আহতরা হলেন আরিফুর রহমান বাবু, বাবুর বোন সাত মাসের অন্তঃসত্ত্বা লামিয়া আক্তার, এবং বাবুর স্ত্রী মামলার বাদী শাহনাজ আখতার শান্তা।গত ৪ মার্চ সন্ধ্যায় তিলক এলাকায় গুরঘোবাড়ি হাশেম মাঝি জামে মসজিদের সামনে এই ঘটনা ঘটে।
এজাহার সূত্রে জানা যায়, তিলক এলাকার মৃত হাশেম মাঝির পরিবারের সদস্যদের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন মসজিদের মুসল্লিদের সুবিধার্থে এজমালি জমিতে বাথরুম নির্মাণের উদ্যোগ নেন আরিফুর রহমান। এতে বাধা প্রদান করেন তার চাচা নসির মাঝি।
বাকবিতণ্ডার একপর্যায়ে নসির মাঝি, মোহাম্মদ আলী, ইউসুফ মাঝি ও তানিয়াসহ অজ্ঞাত আরও ২-৩ জন দেশীয় অস্ত্র, লোহার রড ও লাঠিসোটা নিয়ে আরিফুর রহমানের ওপর অতর্কিত হামলা চালায়।
হামলায় ১নং সাক্ষী আরিফুর রহমানের মুখমন্ডল লক্ষ্য করে ইট দিয়ে আঘাত করা হলে তার উপরের পাটির ১টি ও নিচের পাটির ২টি দাঁত ভেঙে যায় এবং তিনি গুরুত্বর রক্তাক্ত জখম হন। এসময় তাকে বাঁচাতে এগিয়ে এলে ৭ মাসের অন্তঃসত্ত্বা মোসা. লামিয়াকে ও শান্তাকে মারধর করে নীলা ফুলা জখম করা হয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, হামলার সময় ভুক্তভোগীর পকেট থেকে নগদ ১,৭ হাজার ৮০ টাকা এবং মোসা. লামিয়ার গলা থেকে আনুমানিক ১ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের আট আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। যাওয়ার সময় তারা মামলা করলে আহতদের পরিবারকে প্রাণনাশের হুমকি প্রদান করেন।
আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে আরিফুর রহমান সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় ভুক্তভোগী মোসা. শাহানাজ আক্তার শান্তা বাদী হয়ে এয়ারপোর্ট থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।
এয়ারপোর্ট থানা পুলিশ জানিয়েছে, অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।