• ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেন্দিগঞ্জে দাপিয়ে বেড়াচ্ছে জব্বার বাহিনী: চাঁদা না পেয়ে ইউপি সদস্যের ছেলেকে কুপিয়ে হত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১২, ২০২৬, ১৬:৫৯ অপরাহ্ণ
মেহেন্দিগঞ্জে দাপিয়ে বেড়াচ্ছে জব্বার বাহিনী: চাঁদা না পেয়ে ইউপি সদস্যের ছেলেকে কুপিয়ে হত্যার চেষ্টা
মেহেন্দিগঞ্জে দাপিয়ে বেড়াচ্ছে জব্বার বাহিনী: চাঁদা না পেয়ে ইউপি সদস্যের ছেলেকে কুপিয়ে হত্যার চেষ্টা
নিজস্ব প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর এলাকায় ‘জব্বার বাহিনী’র সন্ত্রাসী তাণ্ডব, ভূমিদস্যুতা ও চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ। সর্বশেষ চাঁদার দাবিতে স্থানীয় ইউপি সদস্য হুমায়ুন গাজীর ছেলে সাইফুল গাজীকে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার চেষ্টা চালিয়েছে এই চক্রটি। গুরুতর আহত অবস্থায় সাইফুলকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সাইফুল ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১১ই মার্চ বুধবার শ্রীপুর এলাকায় জব্বার শেখের নেতৃত্বে সোহেল শেখ, জুয়েল শেখ, ডালিম, হারুন ও হৃদয় শেখসহ একদল সশস্ত্র সন্ত্রাসী পূর্বপরিকল্পিতভাবে সাইফুলের ওপর ঝাঁপিয়ে পড়ে। সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি আঘাত করে রক্তাক্ত জখম করে। সাইফুলের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। সাইফুল আওয়ামী লীগ ঘরানার রাজনীতির সাথে যুক্ত একটি পরিবারের সদস্য হওয়ায় তাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এলাকাবাসীর ভাষ্যমতে, জব্বার শেখ ওই এলাকায় একটি ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এই বাহিনীর প্রধান কাজ হলো সাধারণ মানুষের জমি দখল, চাঁদাবাজি ও লুটপাট। আশ্চর্যের বিষয় হলো, এই চক্রটি রাজনৈতিক ভোল পাল্টাতে পটু। অভিযোগ আছে যে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তারা দলীয় প্রভাব খাটিয়ে অপকর্ম চালিয়েছে। বর্তমানে বিএনপি ক্ষমতায় আসার পর তারা রাতারাতি নিজেদের বিএনপির লোক দাবি করে পুনরায় একই কায়দায় সন্ত্রাস ও চাঁদাবাজি অব্যাহত রেখেছে। এতে বর্তমান ক্ষমতাসীন দলের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হচ্ছে বলে মনে করছেন সচেতন মহল।
বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন সাইফুল ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। সাইফুল জানান, সুস্থ হয়ে তিনি বর্তমান সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপির নিকট এই সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করবেন। তিনি প্রশাসনের কাছে সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে স্থানীয় থানা প্রশাসন ও সংশ্লিষ্ট এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারটি আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এলাকার সাধারণ মানুষের দাবি, এই ‘মূর্তিমান আতঙ্ক’ জব্বার ও তার সহযোগীদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক।
সংবাদটি শেয়ার করুন....