নিজস্ব প্রতিবেদক,পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নে ককটেল বিস্ফোরণের প্রতিবাদ করায় কামরুল ইসলাম (৩০) নামে এক দিনমজুরকে নৃশংসভাবে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। প্রতিপক্ষের হামলায় কামরুলের একটি চোখ গুরুতর জখম হয়ে থেঁতলে গেছে। এসময় হামলাকারীরা তার সাথে থাকা নগদ ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে ভুক্তভোগী পরিবার দাবি করেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২২ মার্চ (শুক্রবার) সকাল আনুমানিক ১০টার দিকে আমড়াগাছিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হোগলপাতি গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহত কামরুল ইসলাম ওই গ্রামের নবী হোসেনের ছেলে।
ঘটনার সূত্রপাত হয় এলাকার কিছু বখাটে যুবকের কর্মকাণ্ডকে কেন্দ্র করে। কামরুল ইসলামের অভিযোগ, সজল ও সজীবসহ ২-৩ জন যুবক এলাকায় ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি ও উল্লাস করছিল। দিনমজুর কামরুল এই বিপজ্জনক কর্মকাণ্ডের প্রতিবাদ জানালে বখাটেদের সাথে তার বাকবিতণ্ডা হয়। এর কিছু সময় পর সজল ও সজীবের নেতৃত্বে একদল সন্ত্রাসী কামরুলের ওপর অতর্কিত হামলা চালায়।
হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে কামরুলকে উপর্যুপরি আঘাত করে রক্তাক্ত জখম করে। বিশেষ করে তার চোখ লক্ষ্য করে আঘাত করায় একটি চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরিভিত্তিতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) রেফার করেন। বর্তমানে তিনি সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
আহত কামরুলের স্বজনরা জানিয়েছেন, তারা বর্তমানে কামরুলের সুচিকিৎসা নিয়ে ব্যস্ত থাকলেও এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। ঘটনার পর থেকে অভিযুক্তরা এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছে বলে জানা গেছে।