জমি দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: বরিশালে একই পরিবারের ৫ জন রক্তাক্ত, হাসপাতালে ভর্তি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২২, ২০২৬, ২১:০১ অপরাহ্ণ
জমি দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: বরিশালে একই পরিবারের ৫ জন রক্তাক্ত, হাসপাতালে ভর্তি
নিজস্ব প্রতিবেদক,বরিশাল সদর উপজেলার চর কেউটিয়া এলাকায় পৈতৃক জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় একই পরিবারের কমপক্ষে পাঁচজন গুরুতর আহত হয়েছেন। রোববার (২২ মার্চ) দুপুরে পশ্চিম চর কেউটিয়া সংলগ্ন মেহেন্দীগঞ্জ বর্ডার এলাকার বাবুরচরে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতরা হলেন— ওই এলাকার সিরাজ হাওলাদারের ছেলে হানিফ হাওলাদার (৬০), তার শ্যালক মাহবুব (৪০), ভাগ্নে পরশ (২০) এবং ইমরান। বর্তমানে তারা শেবাচিম হাসপাতালের সার্জারি ইউনিটে চিকিৎসাধীন।
আহত মাহবুব সংবাদমাধ্যমকে জানান, তাদের পৈতৃক সম্পত্তি এবং ফুফাতো ভাই শামসু মাস্টারের জমি নিয়ে স্থানীয় আব্দুল হক হাওলাদারের ছেলে আমির আলী বাদশা ও তার ভাই শাহজাহানের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। প্রতিপক্ষরা দীর্ঘদিন ধরে ওই জমি জবরদখলের চেষ্টা চালিয়ে আসছিল। এ নিয়ে আদালতে মামলা হলে আদালত ভুক্তভোগীদের পক্ষেই রায় প্রদান করেন। তবে আদালতের রায় উপেক্ষা করে বাদশা ও তার সহযোগীরা জমি দখলে মরিয়া হয়ে ওঠে এবং পরিবারটিকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল।
পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী, আজ রবিবার বিরোধপূর্ণ ওই জমির পরিমাপ (মাপঝোপ) করার কথা ছিল। শামসু মাস্টারের পরিবারের সদস্যরা বাবুরচর এলাকায় উপস্থিত হলে মাপ চলাকালীন সময়েই প্রতিপক্ষ বাদশা ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে বিতণ্ডা শুরু করে।
এক পর্যায়ে বাদশা ও শাহজাহানের নেতৃত্বে সাগর, সাহেদ ও আরাফাতসহ একদল লাঠিয়াল বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে শামসু মাস্টারের ওপর চড়াও হয়। তাকে বাঁচাতে পরিবারের অন্য সদস্যরা (ইমরান, মাহবুব, পরশ ও হানিফ) এগিয়ে এলে হামলাকারীরা তাদের এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়।
এদিকে, হামলার ঘটনায় অভিযুক্ত আমির আলী বাদশার স্ত্রী সালমা, সহযোগী সাহেদ ও সাগরও আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে। তবে শামসু মাস্টারের পরিবারের দাবি, এটি একটি সাজানো নাটক। মূল ঘটনা থেকে দৃষ্টি সরাতে এবং মামলাকে ভিন্ন খাতে নিতেই তারা হাসপাতালে ভর্তির ‘হাস্যকর’ অভিনয় করছে।
তারা আরো জানান, আমাদের রোগীদের হাসপাতালে আসার পরেও প্রতিপক্ষরা বিভিন্ন ভয়-ভীতি দেখায় বাদশার ভগ্নিপতি জামাল। বর্তমানে পরিবারটির নিরাপত্তাহীনতায় ভুগছে।
ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, এই নৃশংস হামলার ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ জানিয়েছে, তারা বিষয়টি সম্পর্কে অবগত আছেন এবং অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।