• ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলার তজুমদ্দিনে জমি নিয়ে বিরোধ: সালিশি বৈঠকে ভাতিজাদের ওপর চাচার বর্বরোচিত হামলা, আহত ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৯, ২০২৬, ১২:২৮ অপরাহ্ণ
ভোলার তজুমদ্দিনে জমি নিয়ে বিরোধ: সালিশি বৈঠকে ভাতিজাদের ওপর চাচার বর্বরোচিত হামলা, আহত ২
ভোলার তজুমদ্দিনে জমি নিয়ে বিরোধ: সালিশি বৈঠকে ভাতিজাদের ওপর চাচার বর্বরোচিত হামলা, আহত ২
নিজস্ব প্রতিবেদক, ভোলার তজুমদ্দিন উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আয়োজিত সালিশি বৈঠকে দুই ভাতিজাকে ইট দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে আপন চাচা ও তার সহযোগীদের বিরুদ্ধে। গত বুধবার (৮ এপ্রিল) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাদলীপুর গ্রামে এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন-ওই এলাকার শফিউল্লাহ ভূঁইয়ার ছেলে ও উপজেলা বিআরডিপি কর্মচারী অহিদ (৩৩) এবং তার ছোট ভাই ব্যবসায়ী সবুজ ভূঁইয়া (২৯)। বর্তমানে অহিদ আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, শফিউল্লাহ ভূঁইয়ার পরিবারের সঙ্গে তার ভাই রফিক ভূঁইয়ার দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। অভিযোগ রয়েছে, রফিক ভূঁইয়া প্রভাব খাটিয়ে অহিদদের পৈতৃক ভিটার প্রায় ৬ শতাংশ জমি জবরদখল করে রেখেছেন। গত দেড় দশক ধরে চলা এই বিরোধ মীমাংসার লক্ষ্যে বুধবার সকালে উভয় পক্ষকে নিয়ে একটি ঘরোয়া সালিশি বৈঠক বসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৈঠক চলাকালীন তর্কের এক পর্যায়ে চাচা রফিক ভূঁইয়া, তার ছেলে হেলাল, ফরহাদ, ইলিয়াস এবং পরিবারের নারী সদস্য মিলন বেগম ও মিনা বেগমসহ একদল ভাড়াটে সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ইট দিয়ে অহিদের মাথায় উপর্যুপরি আঘাত করলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। তাকে বাঁচাতে ছোট ভাই সবুজ এগিয়ে এলে তাকেও পিটিয়ে গুরুতর আহত করা হয়।
ঘটনার পরপরই স্বজনরা আহতদের উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে সবুজের চিকিৎসা চললেও অহিদের অবস্থা সংকটাপন্ন হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত ভোলা সদর হাসপাতালে পাঠান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) রেফার করা হয়।
আহত অহিদ অভিযোগ করেন, অভিযুক্ত রফিক ভূঁইয়া ও তার ছেলেরা বিগত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ দোসর হিসেবে পরিচিত। দীর্ঘ সময় ধরে তারা এলাকায় ভূমিদস্যুতা, চাঁদাবাজি ও সাধারণ মানুষকে হয়রানি করে আসছে। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা থাকলেও রাজনৈতিক ছত্রছায়ায় তারা এতদিন ধরাছোঁয়ার বাইরে ছিলেন। ক্ষমতার দাপট দেখিয়েই তারা এই বর্বরোচিত হামলা চালিয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।
এ ঘটনায় আহত সবুজ ভূঁইয়া বাদী হয়ে তজুমদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানা পুলিশ জানায়, বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী এই ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সংবাদটি শেয়ার করুন....