বাকেরগঞ্জে দম্পতিকে হত্যার উদ্দেশ্যে হামলা ও লুটপাট: শেরেবাংলা মেডিকেলে ভর্তি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১৪, ২০২৬, ০০:৩৯ পূর্বাহ্ণ
বাকেরগঞ্জে দম্পতিকে হত্যার উদ্দেশ্যে হামলা ও লুটপাট: শেরেবাংলা মেডিকেলে ভর্তি
নিজস্ব প্রতিবেদক,বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় পূর্ব শত্রুতার জেরে এক দম্পতিকে হত্যার উদ্দেশ্যে নৃসংশ হামলা চালিয়েছে প্রতিপক্ষ। উপজেলার লেবুখালী ক্যান্টনমেন্ট সংলগ্ন দাদুরহাট বাজার এলাকায় গত ১২ই এপ্রিল দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এই হামলার ঘটনা ঘটে। এসময় ঘরবাড়ি ভাঙচুর ও ব্যাপক লুটপাট চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
হামলায় গুরুতর আহতরা হলেন-ওই এলাকার শানু হালদারের ছেলে মিলন হাওলাদার এবং তার স্ত্রী ঝর্ণা বেগম (৩০)। বর্তমানে তারা মুমূর্ষু অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত মিলন হাওলাদার ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিবেশী হাবিব ও তার পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে মিলনদের বিরোধ চলে আসছিল। এই শত্রুতার জের ধরে ঘটনার দিন (১২ই এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে প্রথমে মিলনের ভায়রা-ভাইয়ের ছেলে সুজনের ওপর অতর্কিত হামলা চালায় হাবিবের লোকজন। এসময় তারা সুজনের কাছ থেকে নগদ ১ লাখ ২০ হাজার টাকা এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল সেট ছিনিয়ে নেয়।
সুজনের ওপর হামলার ঘটনায় বাকেরগঞ্জ থানায় অভিযোগ করতে যান তার খালু মিলন ও খালা ঝর্ণা বেগম। এতে ক্ষিপ্ত হয়ে রাত সাড়ে ১১টার দিকে হাবিব ও তার সহযোগীরা মিলনদের বসতবাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। তারা বসতঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। এসময় মিলন ও তার স্ত্রী ঝর্ণা বাধা দিতে গেলে তাদের ওপর নির্মম নির্যাতন চালানো হয়। ধারালো অস্ত্র ও লাঠিসোটার আঘাতে তারা গুরুতর জখম হন। হামলার একপর্যায়ে ঘর থেকে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায় হামলাকারীরা।
স্থানীয়রা আহত দম্পতিকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, তাদের শরীরে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে এবং তারা বর্তমানে পর্যবেক্ষণে আছেন।
এই বিষয়ে আহতের পরিবার জানায়, হামলাকারীরা অত্যন্ত প্রভাবশালী হওয়ায় তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় অভিযুক্ত হাবিব ও তার সহযোগীদের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, বিষয়টি সম্পর্কে তারা অবগত হয়েছেন। লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।