আমতলীতে জমি নিয়ে বিরোধ: গৃহবধূকে পিটিয়ে হত্যাচেষ্টা, নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১৫, ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ণ
আমতলীতে জমি নিয়ে বিরোধ: গৃহবধূকে পিটিয়ে হত্যাচেষ্টা, নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক,বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের তত্তাবুনিয়া গ্রামে পৈত্রিক জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে তাসলিমা বেগম (৪০) নামে এক গৃহবধূকে নির্মমভাবে পিটিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত ১১ এপ্রিল শনিবার সন্ধ্যায় ভুক্তভোগীর নিজ বাড়িতে এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। বর্তমানে ওই নারী বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, তত্তাবুনিয়া গ্রামের দিনমজুর জলিল মোল্লার সঙ্গে তার চাচাতো ভাই সোনা মোল্লার পৈত্রিক ওয়ারিশি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। জলিল মোল্লার অভিযোগ, সোনা মোল্লা ও তার পরিবারের সদস্যরা তাদের প্রাপ্য জমি জোরপূর্বক দখলের পায়তারা করে আসছিল।
ঘটনার দিন শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক পৌনে সাতটার দিকে বাড়ির পশ্চিম পাশের কোলায় তুচ্ছ বিষয় নিয়ে জলিল মোল্লার স্ত্রী তাসলিমা বেগমের সঙ্গে সোনা মোল্লার স্ত্রী সরভানুর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সরভানু, তার মেয়ে লিপি, ছেলে সম্পদ ও হৃদয় এবং নাতি রবিন ও রিহানসহ একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাসলিমার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাথাড়ি পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে।আহত তাসলিমার স্বজনদের দাবি, হামলার সময় সন্ত্রাসীরা ঘরে প্রবেশ করে শোকেজ ভেঙে নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা এবং মূল্যবান স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়। ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।গুরুতর আহত তাসলিমাকে উদ্ধার করে প্রথমে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
আহত তাসলিমা বেগম অভিযোগ করে বলেন:এর আগে গত বৃহস্পতিবারও সরভানু আমার ওপর হামলা করেছিল। শনিবার তারা পরিকল্পিতভাবে আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে হামলা চালায়। আমি এই অন্যায়ের বিচার চাই।
জলিল মোল্লা জানান, তারা নিরীহ হওয়ায় প্রভাবশালী প্রতিপক্ষ বারবার তাদের ওপর চড়াও হচ্ছে। এ ঘটনায় আমতলী থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পারিবারিক সূত্রে নিশ্চিত করা হয়েছে।
এ বিষয়ে স্থানীয় থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।