নিজস্ব প্রতিবেদক,পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কলাগাছিয়া ইউনিয়নে পাওনা টাকা চাওয়ায় তসলিম খলিফা (৩০) নামে এক অটোচালককে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার কলাগাছিয়া গ্রামের চৌকিদার বাড়ি এলাকায় এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে।আহত তসলিম খলিফা ওই এলাকার মকবুল খলিফার ছেলে। বর্তমানে তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও আহতের পরিবার সূত্রে জানা যায়, তসলিম খলিফার অটোরিকশার ভাড়ার কিছু টাকা প্রতিবেশী মিলন চৌকিদারের কাছে পাওনা ছিল। ঘটনার দিন রাতে তসলিম পাওনা টাকা চাইতে মিলনদের বাড়িতে যান। টাকা চাওয়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মিলন ও তার পরিবারের সদস্যরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। অভিযোগ উঠেছে, পূর্ব পরিকল্পিতভাবে তারা দেশীয় অস্ত্র নিয়ে তসলিমের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং হত্যার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। এসময় তসলিমের উপার্জনের একমাত্র অবলম্বন অটোরিকশাটিও কুপিয়ে ও ভাঙচুর করে তছনছ করে দেয়া হয়।
তসলিমের চিৎকার শুনে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। প্রথমে তাকে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। আহতের স্বজনরা জানিয়েছেন, তসলিমের মাথায় ও শরীরে গভীর ক্ষত রয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক।
এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। হামলার শিকার তসলিমের পরিবার থেকে জানানো হয়েছে, তারা হামলাকারীদের বিরুদ্ধে মির্জাগঞ্জ থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন।
এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি সম্পর্কে মৌখিকভাবে শুনেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।