জমি দখলকে কেন্দ্র করে কালকিনিতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা, লুটপাট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১৫, ২০২৬, ২৩:১৬ অপরাহ্ণ
জমি দখলকে কেন্দ্র করে কালকিনিতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা, লুটপাট
নিজস্ব প্রতিবেদক,মাদারীপুরের কালকিনিতে পৈতৃক জমি সংক্রান্ত বিরোধের জেরে সুজন মন্ডল (৩০) নামে এক মুদি ব্যবসায়ীকে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। হামলায় গুরুতর আহত ওই ব্যবসায়ীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) রেফার করা হয়েছে। হামলাকারীরা এ সময় নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করেছে বলেও অভিযোগ পাওয়া গেছে।আহত সুজন মন্ডল কালকিনি পৌরসভার ৩ নং ওয়ার্ডের জুরগাও গ্রামের গুরুদাস মন্ডলের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সুজন মন্ডলদের পৈতৃক জমির কিছু অংশ একই গ্রামের হরিনাথ গাইনের ছেলে সমীর গাইন ও তার দুই ছেলে সাগর ও সৌরভ গাইন জবরদখল করে আসছিলেন।জমির মালিকানা নিয়ে বিরোধ মেটাতে সুজনের পরিবার সম্প্রতি ভূমি জরিপ ও প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন করলে বিষয়টি স্পষ্ট হয়। মাপজোকের পর অভিযুক্তরা বাড়তি জমি ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও ভেতরে ভেতরে ক্ষোভ জমিয়ে রাখে। সেই আক্রোশ থেকেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের।
ভুক্তভোগীর স্বজনরা জানান, ঘটনার দিন সমীর গাইন, সাগর ও সৌরভ গাইন দেশীয় অস্ত্র (শাবল ও রড) নিয়ে অতর্কিতভাবে সুজন মন্ডলের ওপর চড়াও হন। তারা হত্যার উদ্দেশ্যে সুজনকে লক্ষ্য করে এলোপাথাড়ি আঘাত করলে তিনি রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
আহত সুজন মন্ডল জানান, তারা আমাকে হত্যার উদ্দেশ্যেই আক্রমণ করেছিল। তারা শুধু মারধরই করেনি, আমার কাছে ব্যবসার নগদ ২ লাখ টাকা এবং গলায় থাকা ৩ ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে গেছে।আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা সুজনকে উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় আহতের বাবা গুরুদাস মন্ডল বাদী হয়ে সমীর গাইনসহ তিনজনকে অভিযুক্ত করে কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে ঘটনার পর থেকে হামলাকারীরা পলাতক থাকায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানা গেছে।
কালকিনি থানা পুলিশ অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।