নিজস্ব প্রতিবেদকঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর মর্যাদা) হিসেবে দায়িত্ব গ্রহণের পর ড. জিয়াউদ্দীন হায়দার স্বপন বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঢাকার জিয়া উদ্যানে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় তিনি মাজার প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ এবং বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন। দোয়ায় দেশের শান্তি, সমৃদ্ধি, গণতন্ত্রের অগ্রযাত্রা ও জনগণের কল্যাণ কামনা করা হয়। একইসঙ্গে প্রয়াত নেতৃবৃন্দের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
ড. জিয়াউদ্দীন হায়দার স্বপন বলেন, জনগণের সেবার এই দায়িত্ব পাওয়া তার জন্য সম্মানের বিষয়। এ দায়িত্ব অর্পণের জন্য তিনি প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।তিনি আরও বলেন, দলের আদর্শ, জনগণের প্রত্যাশা ও দেশের মানুষের আস্থা ধারণ করে স্বাস্থ্যখাতে উন্নয়ন এবং সেবার মান বৃদ্ধিতে কাজ করবেন। স্বাস্থ্যসেবাকে আরও জনবান্ধব, আধুনিক ও কার্যকর করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।এসময় ঝালকাঠিসহ বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপস্থিত নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তাকে অনুপ্রাণিত করেছে বলেও জানান তিনি।
মাজার জিয়ারতকালে উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর (২) আসনের সংসদ সদস্য ইসরাত জাহান ইলেন ভুট্টো, ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ হোসেন, সদস্য সচিব অ্যাড. শাহাদাত হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার, জেলা বিএনপি নেতা সরদার এনামুল হক এলিন, জেড আই খান সহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।এছাড়াও ঢাকা বিভিন্ন স্থান থেকে আগত দলীয় নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।