বরিশালে ড্যাবের পাল্টা-পাল্টি কর্মসূচির মধ্যে স্বাস্থ্য পরিচালকের নিয়োগ বাতিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত July 12, 2026, 23:52 PM
বরিশালে ড্যাবের পাল্টা-পাল্টি কর্মসূচির মধ্যে স্বাস্থ্য পরিচালকের নিয়োগ বাতিল
খান আব্বাস : বরিশাল বিভাগীয় নবনিযুক্ত স্বাস্থ্য পরিচালক ডা. এস এম মনিরুজ্জামানকে কেন্দ্র করে চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর অভ্যন্তরীণ কোবরিশালে ড্যাবের পাল্টা-পাল্টি কর্মসূচির মাঝেই স্বাস্থ্য পরিচালকের নিয়োগ বাতিলন্দল ও পাল্টা-পাল্টি কর্মসূচির মাঝেই তার সেই বিতর্কিত নিয়োগটি বাতিল করা হয়েছে। আজ ১২ জুলাই (রবিবার) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
উপসচিব সুজিত দেবনাথ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, গত ৫ জুলাইয়ের প্রজ্ঞাপনে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. এস এম মনিরুজ্জামানকে বরিশাল বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) (চলতি দায়িত্ব) হিসেবে বদলিপূর্বক পদায়নের যে আদেশ দেওয়া হয়েছিল, জনস্বার্থে তা নির্দেশক্রমে বাতিল করা হলো।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ জুলাই ডা. মনিরুজ্জামান শাহীন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হিসেবে যোগদানের পর থেকেই স্থানীয় ড্যাবের বর্তমান ও সাবেক দুই সভাপতির অনুসারীদের মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয়। বর্তমান সভাপতি ডা. নজরুল ইসলাম সেলিমের নেতৃত্বে একদল চিকিৎসক ও বহিরাগতরা নবনিযুক্ত পরিচালকের বিরুদ্ধে ‘মব’ বা বিশৃঙ্খলা সৃষ্টি করে তাকে কার্যালয় থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। এমনকি ডা. মনিরুজ্জামানের অপসারণের দাবিতে আজ চতুর্থ দিনের মতো শান্তি সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছিল বর্তমান ড্যাব সভাপতির অনুসারীরা।
অন্যদিকে, এই মব কালচার ও নিয়মতান্ত্রিক কর্মকর্তাকে জোরপূর্বক তাড়িয়ে দেওয়ার চেষ্টার তীব্র প্রতিবাদ জানান ড্যাবের সাবেক সভাপতি অধ্যাপক ডা. আজিজ রহিম। তিনি নবনিযুক্ত বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের পক্ষে অবস্থান নিয়ে গত ১১ জুলাই বরিশাল টাউন হলের সামনে এক বিশাল মানববন্ধন কর্মসূচির ডাক দেন। উক্ত মানববন্ধনে ডা. আজিজ রহিমের সঙ্গে সংহতি প্রকাশ করে বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
মন্ত্রণালয়ের নিয়োগ বাতিলের এই আকস্মিক সিদ্ধান্তের পর বরিশালের স্বাস্থ্য বিভাগ ও চিকিৎসকদের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে। ড্যাবের দুই শীর্ষ নেতার এই মুখোমুখি অবস্থান এবং তার রেশ ধরে মন্ত্রণালয়ের এই প্রজ্ঞাপন জারি নিয়ে স্থানীয় স্বাস্থ্য অঙ্গনে এখন নানা গুঞ্জন ও আলোচনা-সমালোচনা চলছে।