• ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে জমি বিরোধে দুই ভাইকে কুপিয়ে রগ কর্তন, আটক- ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১, ২০২৬, ১৯:১৫ অপরাহ্ণ
বরিশালে জমি বিরোধে দুই ভাইকে কুপিয়ে রগ কর্তন, আটক- ২

বরিশালে জমি বিরোধে দুই ভাইকে কুপিয়ে রগ কর্তন, আটক- ২

নিজস্ব প্রতিবেদক,বরিশাল নগরীর নিউ সার্কুলার রোড এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইকে নৃশংসভাবে কুপিয়ে হাত ও পায়ের রগ কেটে দিয়েছে একদল দুর্বৃত্ত। গত ৩১ জানুয়ারি দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাট ফাউন্ডেশন সংলগ্ন খান বাড়িতে এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন— ওই এলাকার আব্দুর রশিদ খানের ছেলে মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সাদেক খান সাঈদ (৬০) এবং তার বড় ভাই সালাম খান (৬৫)। বর্তমানে তারা বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ধারালো অস্ত্রের আঘাতে সাদেকের দুই পায়ের এবং বাম হাতের রগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়া তার হাড়কাটা জখম রয়েছে। বড় ভাই সালাম খানেরও দুই পা সহ শরীরের বিভিন্ন স্থানে রগ কর্তন ও গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, দুইজনের অবস্থাই অত্যন্ত সংকটাপন্ন। উন্নত চিকিৎসার জন্য তাদের যেকোনো সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হতে পারে।

আহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আসাদুজ্জামান পলাশ ও তার পরিবারের সাথে সাঈদদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, ক্ষমতার দাপট দেখিয়ে পলাশ এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও ভূমিদস্যুতা চালিয়ে আসছিলেন। একাধিক মামলার আসামি পলাশ সম্প্রতি একটি অস্ত্র মামলায় জামিনে মুক্ত হয়ে এলাকায় ফেরেন।

পরিবারের দাবি, পূর্বপরিকল্পিতভাবে পলাশ ও তার সহযোগী নয়ন, শোভন, জসিম, হাসিব এবং ইলাসহ একদল সশস্ত্র সন্ত্রাসী সাদেক ও সালামের ওপর অতর্কিত হামলা চালায়। হত্যার উদ্দেশ্যেই তাদের শরীরের স্পর্শকাতর স্থানে ও হাত-পায়ে নৃশংসভাবে কোপানো হয়।

ঘটনার খবর পেয়ে বটতলা ফাঁড়ি পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত আসাদুজ্জামান পলাশ ও তার সহযোগী হাসিবকে আটক করে।

অভিযোগ উঠেছে যে, পলাশ দীর্ঘদিন ধরে নিজের পরিচয় গোপন রাখতে বিভিন্ন ছদ্মনাম ব্যবহার করে নানা অনৈতিক ও অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। তার বিরুদ্ধে ইতিমধ্যে বিভিন্ন থানায় একাধিক মামলা দায়ের করা হয়েছে। কেবল পলাশই নয়, তার পরিবারের সদস্যদের বিরুদ্ধেও এলাকায় ত্রাস সৃষ্টির গুরুতর অভিযোগ রয়েছে। ইতিপূর্বে এই পরিবারের সদস্যরা চিহ্নিত সন্ত্রাসী বাহিনী নিয়ে নিজ বাড়িতেই স্বজনদের ওপর প্রকাশ্য দিবালোকে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়, যা পুরো এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি করেছিল। বর্তমানে তার এসকল কর্মকাণ্ডে এলাকাবাসী নিরাপত্তাহীনতায় ভুগছে।”

বটতলা ফাঁড়ি পুলিশের ইনচার্জ এস আই মিহির চন্দ্র দাস জানান,, আহত সালামের স্ত্রী কামরুন নাহার বাদী হয়ে মামলা দায়ের করেছে। ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত আসাদুজ্জামান পলাশ ও হাসিবকে গ্রেফতার করে আদালতের প্রেরণ করেছি।

সংবাদটি শেয়ার করুন....