
বাকেরগঞ্জে আপন ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে স্বামী-স্ত্রী রক্তাক্ত!
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় জমিজমা ও পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে আপন বড় ভাই ও ভাবিকে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে ছোট ভাই ও তার পরিবারের বিরুদ্ধে।
২০ ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল আনুমানিক ৮টার দিকে বাকেরগঞ্জ উপজেলার ৪নং দুধল ইউনিয়নের ডিকেপি স্কুলের পূর্ব পাশে রাজ্জাক মেম্বার বাড়িতে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন— ওই এলাকার মতলব হাওলাদারের ছেলে স্বপন হাওলাদার এবং তার স্ত্রী শিউলি বেগম।
আহতদের ছেলে রাজু আহমেদ জানান, ছোট চাচা লিটনের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। লিটন প্রায়ই বিভিন্ন অজুহাতে বড় ভাই স্বপনের কাছ থেকে টাকা ধার নিতেন, কিন্তু ফেরত চাইলে ভয়ভীতি দেখাতেন। গত বৃহস্পতিবার রাতে পুনরায় টাকা ধার চাইলে স্বপন অস্বীকার করেন। এরই জেরে শুক্রবার সকালে লিটন, তার স্ত্রী কোহিনুর, সহযোগী লাবনী, রাতুলসহ অজ্ঞাত কয়েকজন ঘরে ঢুকে ভাঙচুর ও লুটপাট চালায়। বাধা দিতে গেলে স্বপন ও তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করা হয়।
স্বপন হাওলাদারের মাথায় ধারালো অস্ত্রের গুরুতর আঘাত এবং শিউলি বেগমের নাকে ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে।উভয়কেই উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিউলি বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসক।
ঘটনার পর বাকেরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাতে সহায়তা করে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।