
উজিরপুরে কবরস্থানের গাছ কাটাকে কেন্দ্র করে চাচাদের পিটিয়ে জখম করার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর গ্রামে পারিবারিক কবরস্থানের গাছ কাটাকে কেন্দ্র করে দুই আপন চাচাকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে ভাতিজা ও তার সহযোগীদের বিরুদ্ধে। গত ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) বেলা ১১টার দিকে ওই গ্রামের মৃত সেকেন্দার বেপারীর বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।
স্থানীয় ও আহত সূত্রে জানা যায়, মৃত সেকেন্দার বেপারীর কবরের ওপর একটি গাছ বড় হয়ে যাওয়ায় তা কাটতে চেয়েছিলেন তার মেজো ছেলে বৃদ্ধ আলী আকবর। এ বিষয়ে তিনি তার ছোট ভাই হানিফ বেপারীর ছেলে সুজনকে গাছটি সরাতে বলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাছ কাটার কথা বলাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন ভাতিজা সুজন। একপর্যায়ে সুজন ও তার সহযোগীরা আলী আকবরের ওপর অতর্কিত হামলা চালায় এবং বুকেসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে। বড় ভাইকে বাঁচাতে ছোট ভাই মাহবুব এগিয়ে এলে তাকেও পিটিয়ে আহত করা হয়।
হামলার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে মাহাবুব বাড়িতে ফিরলেও আলী আকবরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের সার্জারি বিভাগে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।
ঘটনার প্রায় এক সপ্তাহ পার হলেও এখন পর্যন্ত থানায় কোনো আনুষ্ঠানিক মামলা করা হয়নি। আহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি সম্পূর্ণ পারিবারিক ও অভ্যন্তরীণ। তাই স্থানীয়ভাবে সালিশ-মীমাংসার চেষ্টা চলছে। যদি সুষ্ঠু সমাধান না আসে, তবেই তারা আইনগত ব্যবস্থা নেওয়ার কথা ভাববেন।