নিজস্ব প্রতিবেদক, বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে থানা পুলিশের সামনেই জামাল হোসেন (৩৫) নামে এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় একদল ভূমিদস্যু ও সন্ত্রাসীদের বিরুদ্ধে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৩টার দিকে চরমোনাই ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মক্রম প্রতাপ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত জামাল হোসেন ওই এলাকার শাজাহান হাওলাদারের ছেলে এবং বুখাইনগর বাজারের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। বর্তমানে তিনি গুরুতর অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত জামাল হোসেন ও তার স্বজনরা জানান, সোমবার সকালে প্রতিপক্ষ পপি এবং তার সহযোগীরা জোরপূর্বক জামালের মালিকানাধীন জমির মাটি কেটে নিয়ে যায়। বিষয়টি নিয়ে জানমালের নিরাপত্তা চেয়ে কোতয়ালি মডেল থানায় অভিযোগ করলে থানা থেকে এসআই সাব্বিরসহ দুইজন পুলিশ সদস্য তদন্তে পাঠানো হয়।
অভিযোগ রয়েছে, পুলিশ সদস্যদের উপস্থিতিতেই পপি, সেন্টু, সোহাগ, দুলাল মোল্লা, তাসলিমা, কুলসুম, রবিউল ও বকুলসহ একদল সশস্ত্র সন্ত্রাসী দেশীয় ধারালো অস্ত্র নিয়ে জামালের ওপর ঝাঁপিয়ে পড়ে। এসময় তারা জামালের মাথা লক্ষ্য করে কোপ দেয় এবং লাঠিসোটা দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পাশাপাশি সন্ত্রাসীরা জামালের বসতবাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। এসময় ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগও করেছে ভুক্তভোগী পরিবার। পরবর্তীতে ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরাই গুরুতর আহত অবস্থায় জামালকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
এ বিষয়ে কোতয়ালি মডেল থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেছে পুলিশ।
হাসপাতালে জামালের শয্যাপাশে থাকা পরিবারের সদস্যরা এ ঘটনায় চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা প্রকাশ্যে পুলিশের উপস্থিতিতে এ ধরনের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এছাড়া অভিযুক্ত পপি ও সহ তার দলবল প্রায় দুই সপ্তাহ পূর্বে সরকারি জমির দুই তিন লাখ টাকার গাছ কেটে নিয়ে যায়।