
বাউফলে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে জখম, থানায় অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালীর বাউফলে যৌতুকের দাবিতে আয়শা আক্তার (২৫) নামে এক গৃহবধূকে বেধড়ক পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।
গত ২০ ফেব্রুয়ারি সকালে বাউফল থানার কালিশুরী ইউনিয়নে এ ঘটনা ঘটে। স্থানীয় পরিবারের লোকজন আহত গৃহবধূকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ প্রাথমিক চিকিৎসা নেয় পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাউফল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় ৮ বছর আগে ইসলামিক শরিয়ত অনুযায়ী কালিশুরী ইউনিয়নের মো. রুহুল আমিনের সাথে আয়শা আক্তারের বিয়ে হয়। তাঁদের সংসারে দুটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের সময় কনের পরিবার সাধ্যমতো আসবাবপত্র ও স্বর্ণালঙ্কার দিলেও বিয়ের কিছু দিন পর থেকেই স্বামী রুহুল আমিন মাদকাসক্ত হয়ে পড়েন এবং পরকীয়ায় জড়িয়ে পড়েন। এসব বিষয়ে প্রতিবাদ করলে শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন।
ভুক্তভোগী জানান, ব্যবসা করার অজুহাতে বাপের বাড়ি থেকে ৮ লক্ষ টাকা এনে দেওয়ার জন্য তাঁকে চাপ দেওয়া হচ্ছিল। টাকা দিতে অস্বীকৃতি জানালে গত ২০ ফেব্রুয়ারি সকালে স্বামী রুহুল আমিনসহ শ্বশুরবাড়ির লোকজন (সোহেল, রাশিদা বেগম ও রুবাইয়া বেগম) লাঠিসোটা নিয়ে তাঁর ওপর চড়াও হয়। অভিযোগে উল্লেখ করা হয়, বিবাদীরা তাঁকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায় এবং শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এসময় তাঁর গলার স্বর্ণের চেইন ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় এবং তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।
আহত অবস্থায় স্থানীয়রা ওই গৃহবধূকে উদ্ধার করে বাউফল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও বিবাদীরা কর্ণপাত না করায় শেষ পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করেছেন।
বাউফল থানা সূত্রে জানা গেছে, অভিযোগটি খতিয়ে দেখে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।