হাসপাতালে চিকিৎসাধীন রোগীর ওপর হামলা: ছোট ভাইয়ের স্ত্রীর হাতে ননদ ও শাশুড়ি আহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২৬, ১৬:২৪ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক,বরিশাল সদর হাসপাতালে চিকিৎসাধীন এক নারী রোগীর ওপর অতর্কিত হামলা চালানোর অভিযোগ উঠেছে তার ছোট ভাইয়ের স্ত্রী ও সহযোগীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে হাসপাতালের ১৯ নম্বর ওয়ার্ডে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। হামলায় আহত সাথী বেগম (৩০) এবং তার মা সকিনা বেগম (৬৫) বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২ ফেব্রুয়ারি থেকে শারীরিক অসুস্থতার কারণে বরিশাল সদর হাসপাতালে ভর্তি হন সাথী বেগম। বৃহস্পতিবার রাত আনুমানিক ৯:১৫ মিনিটে তার ছোট ভাইয়ের স্ত্রী হালিমা (৩০), তার ভাই ইব্রাহিম (২১) ও ইয়াসিনসহ (২৪) বেশ কয়েকজন মিলে ওয়ার্ডে ঢুকে সাথীর ওপর হামলা চালায়।সাথীর মা সকিনা বেগম জানান, পারিবারিক কলহের জেরে বিবাদীরা পূর্বপরিকল্পিতভাবে হাসপাতালে এসে তার মেয়ের ওপর ঝাপিয়ে পড়ে। তাকে এলোপাতাড়ি মারধর ও শ্বাসরোধ করার চেষ্টা করা হয়। এসময় সকিনা বেগম তার মেয়েকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও মারধর করে জখম করা হয়।ভুক্তভোগীদের দাবি, হামলার সময় বিবাদীরা তাদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এর মধ্যে একটি ফোনের কাভারের ভেতরে নগদ ৫,০০০ টাকা ছিল। হাসপাতালের অন্য রোগী ও স্বজনরা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।এই ঘটনায় সকিনা বেগম বাদী হয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এমন হামলায় তার অসুস্থ মেয়ে আরও আতঙ্কিত হয়ে পড়েছে। তারা বর্তমানে পুলিশি সহায়তার পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছেন।
বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশের এএসআই নাসির উদ্দিন জানান, , অভিযোগটি পেয়ে তাৎক্ষণিক আমরা ফোর্স নিয়ে সদর হাসপাতালে যাই। সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করার একপর্যায়ে মোবাইল দুটি উদ্ধার করি। যেহেতু তারা আত্মীয়-স্বজন, বিষয়টি নিয়ে গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।