• ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

গলাচিপায় রাজনৈতিক প্রতিহিংসায় ব্যবসায়ীকে হত্যার চেষ্টা, আহত জসিম আশঙ্কাজনক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৩, ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ণ
গলাচিপায় রাজনৈতিক প্রতিহিংসায় ব্যবসায়ীকে হত্যার চেষ্টা, আহত জসিম আশঙ্কাজনক
গলাচিপায় রাজনৈতিক প্রতিহিংসায় ব্যবসায়ীকে হত্যার চেষ্টা, আহত জসিম আশঙ্কাজনক
নিজস্ব প্রতিবেদক,পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর বিশ্বাস এলাকায় রাজনৈতিক প্রতিহিংসা ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে জসিম উদ্দিন (৪৫) নামের এক ব্যবসায়ীকে অতর্কিত হামলা চালিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। গত ১ মার্চ (রবিবার) সকাল ৯টার দিকে পূর্ব চর বিশ্বাসের চর ওহাব গ্রামে এই বর্বর হামলার ঘটনা ঘটে।
আহত জসিম উদ্দিন ওই এলাকার মৃত কাঞ্চন আলীর ছেলে। বর্তমানে তিনি বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে জসিম উদ্দিন নিজ এলাকা দিয়ে যাওয়ার সময় আগে থেকে ওত পেতে থাকা একদল সন্ত্রাসী তার ওপর ঝাঁপিয়ে পড়ে। হামলাকারীদের মধ্যে ওই এলাকার মৃত নবাব মোল্লার ছেলে শামীম মোল্লা, মাহাবুব মোল্লা, নান্টু মোল্লার ছেলে রনি মোল্লা এবং বারেক মোল্লার ছেলে মামুন মোল্লাসহ আরও কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়।
সন্ত্রাসীরা জসিম উদ্দিনকে নির্বিচারে পিটিয়ে গুরুতর জখম করে। অভিযোগ উঠেছে, হামলার সময় তার কাছে থাকা ব্যবসায়িক মালামাল ক্রয়ের নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।
হামলার পর স্থানীয়রা ও পরিবারের সদস্যরা জসিম উদ্দিনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, জসিম উদ্দিনের শরীরে একাধিক জখম রয়েছে এবং তার অবস্থা বর্তমানে সংকটাপন্ন।রাজনৈতিক প্রতিহিংসার জেরে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। আমরা এর সঠিক বিচার চাই,” বলে জানিয়েছেন আহতের স্বজনরা।
এই ঘটনায় ভুক্তভোগীর পরিবার থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে নিশ্চিত হওয়া গেছে। এলাকায় এ নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে।
সংবাদটি শেয়ার করুন....