• ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চর কাউয়ায় চা দোকানে বকেয়া টাকা চাওয়া নিয়ে হামলা: নারীসহ জখম ২, লুটপাটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১৯, ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ণ
চর কাউয়ায় চা দোকানে বকেয়া টাকা চাওয়া নিয়ে হামলা: নারীসহ জখম ২, লুটপাটের অভিযোগ
চর কাউয়ায় চা দোকানে বকেয়া টাকা চাওয়া নিয়ে হামলা: নারীসহ জখম ২, লুটপাটের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, বরিশাল সদর উপজেলার বন্দর থানাধীন চর কাউয়া বাস স্ট্যান্ড এলাকায় বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে একটি চা দোকানে দুর্ধর্ষ হামলা, ভাঙচুর ও নগদ অর্থ লুটের অভিযোগ উঠেছে। শনিবার দুপুর আনুমানিক ২টার দিকে সংঘটিত এই হামলায় দোকান মালিকের স্ত্রীসহ দুইজন গুরুতর জখম হয়েছেন। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও আহত পরিবার সূত্রে জানা গেছে, চর কাউয়া বাস স্ট্যান্ড এলাকার দোকান মালিক মনিরুজ্জামানের ভাতিজা নাঈমের কাছ থেকে বাকিতে কিছু মালামাল ক্রয় করেন স্থানীয় মাসুদের ছেলে মেহরাব। শনিবার দুপুরে ওই বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে নাঈমের সাথে মেহরাবের বাকবিতণ্ডা হয়। এর কিছু সময় পর মেহরাবের নেতৃত্বে তার দাদা নান্নু, দাদি ও ফুফুসহ একদল সংঘবদ্ধ ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে মনিরুজ্জামানের দোকানে হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা প্রথমে নাঈমের ওপর চড়াও হয়। এসময় তাকে বাঁচাতে দোকান মালিকের স্ত্রী শাহনাজ বেগম এগিয়ে এলে হামলাকারীরা তাকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। হামলাকারীরা দোকানে ব্যাপক ভাঙচুর চালায় এবং ক্যাশ থেকে নগদ টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী মনিরুজ্জামান।আহতদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করেন। গুরুতর রক্তাক্ত অবস্থায় শাহনাজ বেগমকে তাৎক্ষণিক বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। অন্যদিকে, নাঈমকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এই ন্যাক্কারজনক হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী মনিরুজ্জামান জানান, পরিকল্পিতভাবে তার পরিবার ও ব্যবসার ওপর এই হামলা চালানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মেহরাব ও তার সহযোগীদের বিরুদ্ধে বন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে বন্দর থানার দায়িত্বরত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি সম্পর্কে তারা অবগত হয়েছেন এবং লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদটি শেয়ার করুন....