শায়েস্তাবাদে জমি বিরোধের জেরে গৃহবধূকে নির্মম নির্যাতন, ঘরবাড়ি ভাঙচুর-লুটপাটের অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত June 14, 2026, 22:00 PM
শায়েস্তাবাদে জমি বিরোধের জেরে গৃহবধূকে নির্মম নির্যাতন, ঘরবাড়ি ভাঙচুর-লুটপাটের অভিযোগ 
শায়েস্তাবাদে জমি বিরোধের জেরে গৃহবধূকে নির্মম নির্যাতন, ঘরবাড়ি ভাঙচুর-লুটপাটের অভিযোগ 
নিজস্ব প্রতিবেদক, বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের পানবাড়িয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে হোসনেয়ারা (৩৫) নামে এক গৃহবধূকে নির্মমভাবে পিটিয়ে অমানুষিক নির্যাতন করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। হামলকারীরা কেবল ওই গৃহবধূকে মারধরই করেনি, বরং তার ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলেও ভুক্তভোগী পরিবার দাবি করেছে।
গত শনিবার সন্ধ্যা আনুমানিক ছয়টার দিকে পানবাড়িয়া গ্রামের নিজ বাড়িতে এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। আহত হোসনেয়ারা ওই এলাকার জাকির হোসেনের স্ত্রী। বর্তমানে তিনি গুরুতর অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে জাকির হোসেনের পরিবারের সাথে তার প্রতিবেশী ও চাচাতো ভাসুর মোফাজ্জেল হোসেন মঞ্জুর বিরোধ চলছিল।
হাসপাতালের শয্যায় চিকিৎসাধীন আহত হোসনেয়ারা বেগম  বলেন,আমাদের পৈত্রিক ও ক্রয়কৃত জমি মোফাজ্জেল ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে জোরপূর্বক জবরদখল করার চেষ্টা চালাচ্ছিল। এই অন্যায় মোনেনি বলে আমরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রশাসনকে বিষয়টি জানাই। এতে প্রতিপক্ষ মোফাজ্জেল ও তার লোকজন আমাদের ওপর আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। এর পর থেকেই তারা প্রায়শই তুচ্ছ বিষয় নিয়ে আমাদের ওপর নির্যাতন করতো এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছিল।
প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, ঘটনার দিন শনিবার সন্ধ্যায় জমিজমা ও একটি তুচ্ছ বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পূর্বপরিকল্পিতভাবে মোফাজ্জেল হোসেন মঞ্জুর নেতৃত্বে তার পরিবারের সদস্যরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হোসনেয়ারার ওপর ঝাঁপিয়ে পড়ে।
অভিযুক্ত হামলাকারীরা হলো, মোফাজ্জেল হোসেন মঞ্জু,মঞ্জুর ছেলে মাহাবুব, মঞ্জুর স্ত্রী আলেয়া বেগম,মঞ্জুর পুত্রবধূ সাবিনা এবং অজ্ঞাতনামা আরও কয়েকজন সহযোগী।
হামলাকারীরা প্রকাশ্যেই গৃহবধূ হোসনেয়ারার চুলের মুঠি ধরে টেনে-হিঁচড়ে শ্লীলতাহানি করে এবং লাঠিসোটা দিয়ে নির্মমভাবে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। এ সময় হোসনেয়ারার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তার ঘরবাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় এবং ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র ও নগদ টাকা লুটপাট করে নিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় হোসনেয়ারাকে উদ্ধার করে দ্রুত বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় শায়েস্তাবাদ এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পর পরই বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে। এই নৃশংস হামলার বিচার চেয়ে অভিযুক্ত মোফাজ্জেল হোসেন মঞ্জু ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
সংবাদটি শেয়ার করুন....