• ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মুলাদীতে তুচ্ছ ঘটনায় রাজমিস্ত্রিকে ২ ঘণ্টা হাত-পা বেঁধে নির্মম নির্যাতন, এলাকায় চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৩০, ২০২৬, ১৪:২৩ অপরাহ্ণ
মুলাদীতে তুচ্ছ ঘটনায় রাজমিস্ত্রিকে ২ ঘণ্টা হাত-পা বেঁধে নির্মম নির্যাতন, এলাকায় চাঞ্চল্য
নিজস্ব প্রতিবেদক, মুলাদী: বরিশালের মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নে তুচ্ছ ঘটনার জেরে ইমাম হোসেন (২২) নামের এক রাজমিস্ত্রিকে হাত-পা বেঁধে প্রায় ২ ঘণ্টা ধরে নির্মমভাবে নির্যাতন করার অভিযোগ উঠেছে। ঈদের দিন (২৮ মে) দিবাগত রাত ১২টার দিকে বাটামারা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আলিমাবাদ এলাকায় এই ঘটনা ঘটে।বর্তমানে আহত যুবক বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন রয়েছেন। তার বাম চোখে গুরুতর আঘাতের চিহ্ন দেখা গেছে।
ভুক্তভোগী ইমাম হোসেন বাটামারা ইউনিয়নের আলিমাবাদ গ্রামের ৯নং ওয়ার্ডের বাসিন্দা নজরুল খানের ছেলে। পেশায় তিনি একজন রাজমিস্ত্রি।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দিন রাতে ইমাম আড়িয়াল খাঁ নদীর পাড়ে ঘুরতে যান। সেখান থেকে রাত ১২টার দিকে ফুফুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। পথে আলিমাবাদ ৯নং ওয়ার্ডের একটি রাস্তায় দাঁড়ালে স্থানীয় হানিফ নামের এক ব্যক্তি এসে তাকে সেখানে দাঁড়ানোর কারণ জিজ্ঞাসা করে। এরপরই কোনো কিছু বুঝে ওঠার আগেই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইমামের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীরা তাকে আটকে রেখে হাত-পা বেঁধে প্রায় দুই ঘণ্টা ধরে অমানুষিক নির্যাতন চালায়।
নির্যাতনের শিকার ইমাম হোসেন জানান, স্থানীয় রব হাওলাদারের ছেলে হানিফ, হানিফের স্ত্রী, তার শ্যালক এবং তাদের সহযোগী ওয়ারলেস খানের ছেলে ও নাতিসহ বেশ কয়েকজন মিলে এই হামলা ও নির্যাতন চালায়।
ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ইমামকে প্রথমে গৌরনদী উপজেলার আশোকাঠি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য আজ ৩০ মে (শনিবার) তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
হাসপাতালের বিছানায় শায়িত ভুক্তভোগী ইমাম হোসেন এই নির্মম নির্যাতনের তীব্র ক্ষোভ প্রকাশ করে প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
সংবাদটি শেয়ার করুন....