নিজস্ব প্রতিবেদক,পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে এক নৃশংস ও বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। জমি কেনার জন্য ব্যাংক ও গদি থেকে তোলা নগদ ২ লাখ টাকা ছিনিয়ে নিতে দেলোয়ার হোসেন গাজী (৪৫) নামে এক জেলেকে শাবল দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের দুর্বৃত্তরা। স্বামীকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হয়েছেন তার স্ত্রী হনুফা বেগমও।
স্থানীয় ও আহতের পারিবারিক সূত্রে জানা যায়, পেশায় জেলে দেলোয়ার গাজী জমি কেনার উদ্দেশ্যে সম্প্রতি ব্যাংক থেকে ৮০ হাজার টাকা ঋণ নেন এবং মাছ বিক্রির আড়ত (গদি) থেকে আরও ১ লাখ ২০ হাজার টাকা সংগ্রহ করেন। শুক্রবার (১০ মে) দুপুর আনুমানিক ১টার দিকে বাড়িতে নগদ ২ লাখ টাকা নিয়ে অবস্থানকালে পূর্ব পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়।
আহত দেলোয়ার গাজীর অভিযোগ, একই এলাকার করিম মৃধার ছেলে ইউসুফ ও আজিজ, তাদের সহযোগী আনিস এবং আনিসের ছেলে শাহীন মৃধাসহ একদল সশস্ত্র দুর্বৃত্ত দেশীয় অস্ত্র ও শাবল নিয়ে হঠাৎ তার বসতঘরে অতর্কিত হামলা চালায়।হামলাকারীরা দেলোয়ার গাজীকে লক্ষ্য করে শাবল দিয়ে এলোপাথাড়ি আঘাত করলে তার মাথা ফেটে যায় এবং শরীরে গুরুতর জখম হয়। এ সময় তার চিৎকার শুনে স্ত্রী হনুফা বেগম এগিয়ে এলে তাকেও পিটিয়ে ও নির্যাতন করে আহত করা হয়। হামলার এক পর্যায়ে দুর্বৃত্তরা ঘরে থাকা জমি ক্রয়ের রক্ষিত ২ লাখ টাকা ছিনিয়ে নেয় এবং বসতঘরের আসবাবপত্র ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে।রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা দেলোয়ার ও তার স্ত্রীকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার পর দ্রুত বরিশাল শের-এ-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ভর্তি করেন। বর্তমানে সেখানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। আহতের স্বজনরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।