বরিশালে সালিশ বৈঠকে হামলা: বিএনপি নেতা ও সমাজসেবক দুলালকে পিটিয়ে হত্যার চেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৮, ২০২৬, ২৩:৫৩ অপরাহ্ণ
বরিশালে সালিশ বৈঠকে হামলা: বিএনপি নেতা ও সমাজসেবক দুলালকে পিটিয়ে হত্যার চেষ্টা
নিজস্ব প্রতিবেদক, বরিশাল সদর উপজেলার ৭নং চরকাউয়া ইউনিয়নে একটি বিবাদমান জমির সমাধান বৈঠকে সালিশদার মিজানুর রহমান দুলালকে (৫০) পিটিয়ে গুরুতর জখম করার খবর পাওয়া গেছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে এই বর্বরোচিত হামলা চালানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল ৮ মে শুক্রবার রাত পৌনে আটটার দিকে চরকাউয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চর করঞ্জি হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
আহত মিজানুর রহমান দুলাল ওই এলাকার মৃত আব্দুল খালেক মুন্সির ছেলে। তিনি চরকাউয়া ইউনিয়নের সাবেক ছাত্রদল সভাপতি এবং বর্তমানে একজন সক্রিয় বিএনপি নেতা ও সমাজসেবক হিসেবে এলাকায় পরিচিত।
হাসপাতালে চিকিৎসাধীন আহত মিজানুর রহমান জানান, চর করঞ্জি এলাকায় একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে সালিশদার হিসেবে তিনি একটি বৈঠকে বসেন। বৈঠক চলাকালীন প্রতিপক্ষ বেলায়েত হাওলাদারের ছেলে জসিম এবং তার সহযোগী কাওসারসহ একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে তার ওপর ঝাঁপিয়ে পড়ে।হামলাকারীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র দিয়ে তাকে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। স্থানীয়দের অভিযোগ, মূল অভিযুক্ত জসিম বিগত আওয়ামী সরকারের ঘনিষ্ঠ সহযোগী ও দোসরের ভূমিকা পালন করে আসছিল এবং এলাকায় তার প্রভাব বিস্তারের চেষ্টা ছিল দীর্ঘদিনের।ঘটনার পর স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মিজানুর রহমানকে উদ্ধার করে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় জড়িতদের বিচার চেয়ে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে আহতের পরিবার। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি।