বরগুনার তালতলী উপজেলার বড় অঙ্কুজানপাড়া গ্রামে যান্ত্রিক পদ্ধতিতে (মেশিন দিয়ে) ধান কাটাকে কেন্দ্র করে এক যুবক ও এক দিনমজুরের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বাড়ির সামনে বিলে এই হামলার শিকার হন কবির খান (২৭) নামের এক যুবক। তাকে বাঁচাতে গিয়ে ছগির নামে আরও এক দিনমজুর গুরুতর আহত হয়েছেন।আহত কবিরের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিলে মেশিন দিয়ে ধান কাটা নিয়ে পার্শ্ববর্তী শহিদুলের সঙ্গে কবিরের বিরোধ সৃষ্টি হয়। এরই জেরে পরিকল্পিতভাবে শহিদুল, তার ছেলে সাইফুলসহ অজ্ঞাত আরও কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে কবিরের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় কবিরের চিৎকার শুনে তাকে বাঁচাতে দিনমজুর ছগির এগিয়ে এলে হামলাকারীরা তাকেও পিটিয়ে ও কুপিয়ে জখম করে।স্থানীয় ও ধান কাটা মেশিন ওয়ালা স্টাফরা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে কবিরের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে রেফার করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। কবির ওই এলাকার জালাল খানের ছেলে।
কবিরের মামা মাসুম বিল্লাহ জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শহিদুল ও তার ছেলেরা আমার ভাগিনার ওপর অমানুষিক নির্যাতন চালিয়েছে। আমরা এই সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, এই ঘটনায় তালতলী থানায় মৌখিকভাবে জানানো হয়েছে। তবে তারা চিকিৎসা শেষে থানায় যোগাযোগ করার জন্য বলা হয়েছে।